বিশ্বসেরা মন্ত্রীর স্বীকৃতি পেলেন গাম্বিয়ার আবদোলি জোবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১০:৫৪ পিএম
বিশ্বসেরা মন্ত্রীর স্বীকৃতি পেলেন গাম্বিয়ার আবদোলি জোবে

দুবাইয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট’-এ ২০২৬ সালের ‘বিশ্বসেরা মন্ত্রী’ (ওয়ার্ল্ডস বেস্ট মিনিস্টার) নির্বাচিত হয়েছেন গাম্বিয়ার পর্যটন ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবদোলি জোবে। সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন।

নীতিমালাকে কার্যকরভাবে বাস্তবায়ন, উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ এবং দৃশ্যমান সামাজিক প্রভাব তৈরিতে অসামান্য নেতৃত্বের স্বীকৃতি হিসেবে সংক্ষিপ্ত তালিকাভুক্ত ১০ জন মন্ত্রীর মধ্য থেকে জোবেকে নির্বাচিত করা হয়।

আয়োজকদের মতে, এ পুরস্কার এমন মন্ত্রীদের দেওয়া হয়, যাঁদের উদ্যোগ নিজ দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত হয় এবং যাঁরা উন্নত প্রযুক্তি ও ডিজিটাল সমাধানের মাধ্যমে জনসেবা সম্প্রসারণে বিশ্বজুড়ে সরকারগুলোকে অনুপ্রাণিত করেন।

কেন গাম্বিয়া

পশ্চিম আফ্রিকার ছোট দেশ গাম্বিয়া ‘আফ্রিকার হাস্যোজ্জ্বল উপকূল’ নামে পরিচিত। আবদোলি জোবের নেতৃত্বে দেশটির পর্যটন খাত ধারাবাহিকভাবে বিকশিত হচ্ছে। জাতীয় অর্থনীতিতে এ খাতের অবদান উল্লেখযোগ্য, পাশাপাশি এটি হাজারো মানুষের জীবিকার প্রধান উৎসে পরিণত হয়েছে।

আটলান্টিক উপকূলের স্বচ্ছ সৈকত, নয়নাভিরাম গাম্বিয়া নদী, ইকো-লজ ও বুটিক হোটেলের জন্য পরিচিত দেশটি এ অঞ্চলের অন্যতম নিরাপদ পর্যটন গন্তব্য হিসেবে বিবেচিত।

জোবে জানান, পর্যটন খাতের অবকাঠামো উন্নয়ন এবং বিনিয়োগ আকর্ষণে সরকার বিভিন্ন নীতিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ নিয়েছে। গালফ নিউজকে তিনি বলেন, ‘আমরা রিসোর্ট ও হোটেলের জন্য জমি বরাদ্দ দিচ্ছি এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে সহায়ক নীতিমালা প্রণয়ন করছি। ভালো কাজ করলে তার স্বীকৃতি মিলবেই। যে কাজ আমাদের এতদূর এনেছে, সেটিই আমি এগিয়ে নিতে চাই।’

পুরস্কার প্রদানের ক্ষেত্রে সুশাসন, স্বচ্ছতা ও জনবান্ধব নীতিমালাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিচারক প্যানেল প্রার্থীদের দক্ষতা, প্রস্তুতি, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং দূরদর্শিতা মূল্যায়নের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!