বরগুনা-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমদের জনসভা জেলায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বেতাগীতে এ জনসভা অনুষ্ঠিত হয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ কে সামনে রেখে বরগুনা-০২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও ১১ দলীয় জোটের প্রার্থীর সমর্থনে বেতাগী উপজেলার সরিষামুড়ী ইউনিয়নের ভোড়া কালিকাবাড়ী হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ জনসভার আয়োজন করা হয়।
ডা. সুলতান আহমদ এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সরিষামুড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির গোলাম কবির খান এবং বেতাগী উপজেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক বসির উদ্দিন অনুষ্ঠান সঞ্চালনা করেন।
ডা. সুলতান আহমদ বলেন, ইসলামী আন্দোলন আমাদের জোটে না আসলেও এতে কোনো সমস্যা নেই। আমাদের সঙ্গে আরও একটি দল যুক্ত হয়েছে। আমরা এখন ১১ দল একসঙ্গে আছি।
সংখ্যালঘু সম্প্রদায়ের প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে। সব ধর্মের মানুষ যেন নিরাপদ ও মর্যাদার সঙ্গে বসবাস করতে পারে, সে লক্ষ্যে কাজ করা হবে।
তিনি সরিষামুড়ী ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমার এলাকার সবার ঐক্যবদ্ধ দোয়া ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। এই দোয়া ও ভালোবাসা থাকলে কোনো অপশক্তি আমাদের বিজয় ছিনিয়ে নিতে পারবে না, ইনশাল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক স্বরাষ্ট্র সচিব মো. আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক জেলা ও দায়রা জজ মো. আলতাফ হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মোহাম্মদ আলী, বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আসাদুজ্জামান আল-মামুন, কাজিরাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. কামাল হোসেন ও মো. করিব হোসেন।






































