লিবিয়ার প্রাক্তন শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফিকে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর জিনতানে তিনি গুলিবিদ্ধ অবস্থায় প্রাণ হারান।
আল-জাজিরার লিবিয়া প্রতিনিধি আহমেদ খলিফা জানান, গত এক দশক ধরে সাইফ আল-ইসলাম জিনতান শহরেই অবস্থান করছিলেন। সেখানেই তাঁর ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ৫৩ বছর বয়সী সাইফের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর রাজনৈতিক উপদেষ্টা আবদুল্লাহ ওসমান। তবে হামলার সঙ্গে কারা জড়িত বা ঘটনার পটভূমি কী, তা এখনো স্পষ্ট নয়। লিবিয়া সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য এখনো প্রকাশ পায়নি।
পাশ্চাত্যে শিক্ষিত এবং সুবক্তা হিসেবে পরিচিত সাইফ আল-ইসলাম তার বাবার শাসনকালে লিবিয়ার দমনমূলক শাসনের একটি প্রগতিশীল মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। ২০০০ সালের শুরু থেকে পশ্চিমা বিশ্বের সঙ্গে লিবিয়ার কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০০৮ সালে লন্ডন স্কুল অব ইকোনমিকস (এলএসই) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। তাঁর গবেষণা ছিল বিশ্ব শাসনের সংস্কারে নাগরিক সমাজের ভূমিকা নিয়ে।
২০১১ সালে বাবা মুয়াম্মার গাদ্দাফির পতনের আগে সাইফকে লিবিয়ার দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হিসেবে গণ্য করা হতো। গাদ্দাফির হত্যার পর তিনি জিনতানে বন্দী হন এবং ২০১৭ সালে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি পান। মুক্তির পরও তিনি জিনতান এলাকাতেই বসবাস করছিলেন।







































