গ্রিসের উপকূলে এজিয়ান সাগরে কোস্টগার্ডের একটি জাহাজের সঙ্গে যাত্রীবাহী নৌকার সংঘর্ষে অন্তত ১৫ জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন।
গ্রিসের এক সরকারি কর্মকর্তা জানান, প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী নৌকাটিতে ৩০ থেকে ৩৫ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন। মঙ্গলবার এজিয়ান সাগরের হিওস দ্বীপের উপকূলে এই দুর্ঘটনা ঘটে বলে গ্রিসের কোস্টগার্ড নিশ্চিত করেছে।
কোস্টগার্ডের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, তুরস্কের উপকূল থেকে কয়েক মাইল পশ্চিমে অবস্থিত হিওস দ্বীপের দিকে একটি নৌকা অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে আসছিল। কোস্টগার্ড নৌকাটিকে ফিরে যেতে নির্দেশ দেয়।
তিনি বলেন, “এ সময় মানব পাচারকারীরা কোস্টগার্ডের জাহাজের দিকে নৌকাটি দ্রুত চালিয়ে দিলে সংঘর্ষ ঘটে।”
কোস্টগার্ড জানায়, সংঘর্ষের পর ২৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়। তবে পরে তাদের মধ্যে একজন নারী মারা যান। ঘটনার পরপরই ওই এলাকায় তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করা হয়।
এ ঘটনায় কোস্টগার্ডের দুই কর্মকর্তা আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন গ্রিসের এক সরকারি কর্মকর্তা।




































