এ জয়ে গ্রুপ পর্বে টানা তিন জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে ফাইনালে জায়গা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ নারী ফুটবল দল। একই দিনে ভুটানকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারতও। আগামী শনিবার একই মাঠে ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে বাংলাদেশ।
বয়সভিত্তিক সাফের অনূর্ধ্ব-১৯ পর্যায়ে এবারের আগে দুবার ফাইনাল খেলেছে বাংলাদেশ। দুটিতেই প্রতিপক্ষ ছিল ভারত। ২০২৪ সালে বাংলাদেশ–ভারত যুগ্ম চ্যাম্পিয়ন হয়। এর আগে ২০২১ আসরে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
আজ ফাইনালে ওঠার লড়াইয়ে তৃতীয় মিনিটেই ম্যাচে এগিয়ে যায় বাংলাদেশ। মামনি চাকমার কর্নার শট থেকে নিখুঁত হেডে গোল করেন প্রতিমা মুন্ডা। দ্রুত গোল হজমের পর রক্ষণে মনোযোগ বাড়ায় নেপাল। যে কারণে বাংলাদেশকে দ্বিতীয় গোল পেতে অপেক্ষা করতে হয়েছে প্রথমার্ধের শেষ পর্যন্ত।
বিরতির ঠিক আগে যোগ করা সময়ে সরাসরি ফ্রি-কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন আলপি আক্তার।
৬৭ মিনিটে আবার আলপির গোল। পাল্টা আক্রমণ থেকে একাই প্রতিপক্ষের রক্ষণ ভাঙেন এই ফরোয়ার্ড। ৮২ মিনিটে ক্রানুসিং মারমার ক্রস জালে ঠেলে দিয়েই হ্যাটট্রিক পূর্ণ করেন আলপি। এ নিয়ে এবারের টুর্নামেন্টে তিন ম্যাচে ৭ গোল হয়েছে আলপির।







































