জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৪:৫৫ পিএম
জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে দলটির সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

জামায়াতের পরিকল্পনা অনুযায়ী আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ৯টায় এ ভাষণ প্রচার করা হবে। প্রেস বিজ্ঞপ্তিতে দলটি জানিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি ‘জুলাই সনদ’ বাস্তবায়ন নিয়ে একটি গণভোটও আয়োজনের কথা রয়েছে।

এ প্রেক্ষাপটে জামায়াতে ইসলামী নিজেদের একটি দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন হিসেবে উল্লেখ করে বলেছে, জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে তারা দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সেই ধারাবাহিকতায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবেই জামায়াত আমির আগামী ৯ ফেব্রুয়ারি রাত ৯টায় জাতির উদ্দেশে ‘গুরুত্বপূর্ণ’ ভাষণ দেবেন বলে জানানো হয়েছে।

জামায়াতের পক্ষ থেকে ভাষণটি রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে সম্প্রচারের অনুমতি চেয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর একটি আবেদনও দাখিল করা হয়েছে। দলটির ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই আবেদন জমা দেওয়া হয়।

জামায়াত আশা প্রকাশ করেছে, নির্ধারিত সময়ে ভাষণটি সম্প্রচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে প্রধান নির্বাচন কমিশনার অনুমোদন দেবেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!