সাবেক স্বামীর বন্ধুর সঙ্গে প্রেমের গুঞ্জনে কিম কার্দাশিয়ান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১১:০৩ পিএম
সাবেক স্বামীর বন্ধুর সঙ্গে প্রেমের গুঞ্জনে কিম কার্দাশিয়ান

মার্কিন রিয়েলিটি শো তারকা ও উদ্যোক্তা কিম কার্দাশিয়ানকে ঘিরে নতুন প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। এবার তাঁর নাম জড়িয়েছে ব্রিটিশ ফর্মুলা ওয়ান কিংবদন্তি লুইস হ্যামিল্টনের সঙ্গে। বিষয়টি আলোচনায় এসেছে আরও একটি কারণে—হ্যামিল্টন দীর্ঘদিন ধরে কিমের সাবেক স্বামী ও র‍্যাপার ক্যানিয়ে ওয়েস্টের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত।

গত সপ্তাহান্তে যুক্তরাজ্যের গ্রামাঞ্চলে কটসওল্ডসের অভিজাত ও কঠোর নিরাপত্তাবেষ্টিত রিসোর্ট এসটেল ম্যানরে কিম ও লুইস হ্যামিল্টনকে একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। সেখানে তাঁরা নাকি গোপনে একটি রোমান্টিক ছুটি কাটান। বিলাসবহুল এই রিসোর্টে দুজন স্পা সেশন উপভোগ করেন এবং নিজেদের কক্ষেই ব্যক্তিগত ডিনারের আয়োজন করেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

খবরে জানা যায়, কিম নিজের প্রাইভেট জেটে যুক্তরাজ্যে পৌঁছান। প্রায় এক ঘণ্টা পর হেলিকপ্টারে করে রিসোর্টে পৌঁছান হ্যামিল্টন। কিমের সঙ্গে ছিল একটি আলাদা গাড়ি, যা শুধু তাঁর লাগেজ বহনের জন্য ব্যবহার করা হয়। এসটেল ম্যানরে পৌঁছানোর পর কিমকে দুই নিরাপত্তারক্ষীর ঘেরাটোপে গোপনে ভেতরে নেওয়া হয়। তাঁরা দরজায় অবস্থান করে কিম ও হ্যামিল্টনের ব্যক্তিগত সময়ের নিরাপত্তা নিশ্চিত করেন।

পরদিন সকাল প্রায় ১১টার দিকে তাঁরা রিসোর্ট ত্যাগ করেন। হ্যামিল্টন সামনের গেট দিয়ে বের হলেও কিমকে পাশের একটি গোপন পথ ব্যবহার করে বের করে আনা হয়। একটি ব্রিটিশ ট্যাবলয়েডকে এক প্রত্যক্ষদর্শী জানান, কিমকে চিনতে ভুল হওয়ার সুযোগ ছিল না—কারণ তাঁর সঙ্গে ছিল প্রায় আটটি বড় স্যুটকেস, যেগুলোর গায়ে তাঁর নাম খোদাই করা ছিল। পরে দুজনই নিজেদের দেহরক্ষীদের সঙ্গে একই গাড়িতে করে স্থান ত্যাগ করেন।

কিম ও হ্যামিল্টনের সম্পর্ক কবে থেকে শুরু হয়েছে, তা নিশ্চিত নয়। তবে তাঁদের পরিচয় বহুদিনের। বিশেষ করে হ্যামিল্টন ছিলেন কিমের সাবেক স্বামী ক্যানিয়ে ওয়েস্টের ঘনিষ্ঠ বন্ধু। ২০১৪ সালে জিকিউ অ্যাওয়ার্ডসে কিম ও ক্যানিয়ে—তখন দাম্পত্য সম্পর্কে ছিলেন—হ্যামিল্টন এবং তাঁর তৎকালীন সঙ্গী নিকোল শেরজিঙ্গারের সঙ্গে একসঙ্গে ছবি তুলেছিলেন। এরপর ক্যানিয়ে ও হ্যামিল্টনের বন্ধুত্ব আরও গভীর হয়।

ক্যানিয়ের পরিবারের সঙ্গে ইস্টার উদ্‌যাপনেও একাধিকবার হ্যামিল্টনকে দেখা গেছে। একসময় ক্যানিয়ের স্পষ্টভাষিত স্বভাবের প্রশংসা করে হ্যামিল্টন বলেছিলেন, তাঁর খোলামেলা মনোভাব তাঁকে মুগ্ধ করে।

২০২১ সালে ক্যানিয়ে ওয়েস্টের সঙ্গে বিচ্ছেদের পরও কিম ও হ্যামিল্টনের বন্ধুত্ব বজায় ছিল। সে বছর ওয়াল স্ট্রিট জার্নালের ইনোভেটর অ্যাওয়ার্ডসে তাঁরা একসঙ্গে পুরস্কার গ্রহণ করেন। সেই ছবি শেয়ার করে হ্যামিল্টন লেখেন, এত প্রতিভাবান মানুষদের সঙ্গে স্বীকৃতি পাওয়া তাঁর জন্য বড় সম্মানের।

ব্যক্তিগত জীবনে লুইস হ্যামিল্টন ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত গায়িকা নিকোল শেরজিঙ্গারের সঙ্গে সম্পর্কে ছিলেন। পরে রিটা ওরার সঙ্গে তাঁর নাম জড়ায়। অন্যদিকে বিচ্ছেদের পর কিম কার্দাশিয়ানের কয়েকটি স্বল্পমেয়াদি সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও তিনি আগেই জানিয়েছিলেন, আইন বিষয়ে পড়াশোনা শেষ না করা পর্যন্ত গুরুতর সম্পর্কে জড়াতে চান না। ২০২৪ সালে নিজের ‘ম্যানিফেস্টেশন লিস্ট’-এ তিনি ভবিষ্যৎ সঙ্গীর গুণাবলি হিসেবে উল্লেখ করেছিলেন—ভালো নৈতিকতা ও মূল্যবোধ, শান্ত স্বভাব, নির্ভরযোগ্যতা এবং দায়িত্ববোধ।

টিএমজেড অবলম্বনে

Link copied!