মাদারীপুরে ধানের শীষ ও কলস প্রতিকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ,আহত ১০


মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৪:৪৪ পিএম
মাদারীপুরে ধানের শীষ ও কলস প্রতিকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ,আহত ১০

মাদারীপুর, ৪ ফেব্রুয়ারি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে মাদারীপুর-২ আসনে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিএনপির মনোনীত প্রার্থী জাহান্দার আলী মিয়া এবং স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ ঘটে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কালির বাজার এলাকায় মিল্টন বৈদ্য তার সমর্থকদের নিয়ে নির্বাচনী গণসংযোগ করছিলেন। এ সময় বিএনপির সমর্থকরা তাদের প্রতিকের স্লোগান দিতে গিয়ে উত্তেজনা সৃষ্টি করেন। ধাক্কাধাক্কি বৃদ্ধি পেয়ে দু’পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

আহতদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে, বাকিদের মাদারীপুর জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর কালির বাজার ও আশপাশে চরম উত্তেজনা বিরাজ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, র‍্যাব এবং পুলিশ উপস্থিত হয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছেন।

উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন। ধানের শীষ প্রতীকের সমর্থকরা দাবি করেছেন, স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা তাদের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলেছে। অপরপক্ষ মিল্টন বৈদ্য অভিযোগ করেছেন, ধানের শীষ প্রতীকের সমর্থকরা তাদের কর্মীদের উপর হামলা করেছে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং সংঘর্ষের স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Link copied!