আইসিসির সম্ভাব্য লোকসান ৬ হাজার কোটি: ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের আঘাত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১২:৩৩ পিএম
আইসিসির সম্ভাব্য লোকসান ৬ হাজার কোটি: ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের আঘাত

ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। এই সিদ্ধান্তের কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। পরিস্থিতি সামাল দিতে আইসিসি পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে। কারণ, ভারত-পাকিস্তান ম্যাচই টুর্নামেন্টের আয়ের সবচেয়ে বড় উৎস। সম্প্রচার সংস্থাগুলোর কাছে এই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াই ট্রফির চেয়েও বেশি মূল্যবান।

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়ায় সম্প্রচার প্রতিষ্ঠানগুলোর কিছুটা ক্ষতি হলেও তা সামাল দেওয়া সম্ভব ছিল। কিন্তু ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ক্ষতির পরিমাণ প্রায় ৬ হাজার ১২০ কোটি টাকায় (৪০০ মিলিয়ন ডলারের বেশি) দাঁড়াতে পারে বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। এই অঙ্ক পুরো টুর্নামেন্টের বাজারমূল্যের চেয়েও বেশি হতে পারে। ম্যাচটি না হলে প্রথম ধাক্কা খাবে ভারতীয় সম্প্রচার প্রতিষ্ঠানগুলো, তারপর প্রভাব পড়বে আইসিসি ও সহযোগী সদস্য দেশগুলোর ওপর। বিশেষ করে ছোট দেশগুলোর ক্রিকেট উন্নয়ন কর্মসূচি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।

আইসিসির কৌশল ও ঐতিহ্য
২০০৭ সালের বিশ্বকাপের পর থেকে আইসিসি টুর্নামেন্টের কাঠামো পরিবর্তন করে ভারত-পাকিস্তান ম্যাচ নিশ্চিত করেছে। কারণ, এই ম্যাচ থাকলে আইসিসির লভ্যাংশ কয়েকগুণ বেড়ে যায়। উদাহরণস্বরূপ, ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচের প্রতি ১০ সেকেন্ড বিজ্ঞাপন ১২ হাজার ডলারে বিক্রি হয়েছিল। এরপর আইসিসি পুরো টুর্নামেন্টের আয়োজন বাড়িয়েছিল।

৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া নতুন বিশ্বকাপে ভারতীয় সম্প্রচারকারী জিও-স্টার প্রতি ১০ সেকেন্ড বিজ্ঞাপন ২৫-৪০ হাজার ডলারে রাখার পরিকল্পনা করেছে। ম্যাচ না হলে এই সম্প্রচার প্রতিষ্ঠানের পুরো বাজেট ধসে যাবে।

ক্ষতিগ্রস্ত খাতগুলোর বিস্তারিত
সম্প্রচার প্রতিষ্ঠানের ক্ষতি
আইসিসির আয়ের মূল উৎস সম্প্রচার স্বত্ব। ভারত-পাকিস্তান ম্যাচ না হলে বিজ্ঞাপন থেকে ৩০০ কোটি রুপির (৪৫০ কোটি টাকা) বেশি আয় হারাবে সম্প্রচারকারীরা। ওটিটি প্ল্যাটফর্মে রেকর্ড দর্শকসংখ্যা ও সাবস্ক্রিপশন আয়ও মারাত্মকভাবে কমে যাবে।

আইসিসির লভ্যাংশ
আইসিসি বছরের রাজস্ব হিসাব করে ভারত-পাকিস্তান ম্যাচের ওপর নির্ভরশীল। ম্যাচ না হলে রাজস্বে টান পড়বে এবং সহযোগী দেশগুলোর ক্রিকেট উন্নয়ন প্রকল্প বন্ধ হয়ে যেতে পারে।

পিসিবির ক্ষতি
আইসিসির বার্ষিক রাজস্বের ৫.৭৫% (৩৪৫ কোটি টাকার বেশি) পায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। ম্যাচ বয়কট করলে এই লভ্যাংশ কমে যাবে এবং জরিমানাসহ অন্যান্য সমস্যার সম্মুখীন হতে পারে।

ভারতের অবস্থান
ভারতের ক্ষতি কম হবে কারণ তারা আইসিসি রাজস্বের ৩৮.৫% এবং আইপিএল থেকে বিপুল আয় পায়। তবে সম্প্রচার চ্যানেলগুলো বেশি ক্ষতিগ্রস্ত হবে।

শ্রীলঙ্কার ক্ষতি
সহ-আয়োজক শ্রীলঙ্কা টুর্নামেন্টের আয়ের অংশ পাবে। ভারত-পাকিস্তান ম্যাচ দেশটিতেই হওয়ার কথা ছিল, যা টুরিজম খাতে বড় প্রভাব ফেলত। ম্যাচ না হলে এই সুবিধা হারাবে শ্রীলঙ্কা।

এই পরিস্থিতিতে আইসিসির চাপ সত্ত্বেও পাকিস্তানের সিদ্ধান্ত অপরিবর্তিত থাকলে পুরো ক্রিকেট জগৎ আর্থিক সংকটের মুখে পড়তে পারে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!