টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাই

নিগারের ফিফটিতে ডাচদের হারাল বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ১১:৫১ পিএম
নিগারের ফিফটিতে ডাচদের হারাল বাংলাদেশ

আগেই টি–টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করা বাংলাদেশ নারী দল বাছাইপর্বের শেষ ম্যাচেও জয়ের ধারা বজায় রেখেছে। নেপালের আপার মুলপানিতে অনুষ্ঠিত ম্যাচে নেদারল্যান্ডস নারী দলকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে নিগার সুলতানার দল।

প্রথমে ব্যাট করে নেদারল্যান্ডস ২০ ওভারে ৬ উইকেটে তোলে ১০২ রান। জবাবে বাংলাদেশ ২০ বল হাতে রেখেই ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। অধিনায়ক নিগার সুলতানা ৫০ রান করে অপরাজিত থাকেন।

লক্ষ্য তাড়ায় বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস ফেরেন মাত্র ৬ রানের মধ্যেই। এরপর তৃতীয় উইকেটে শারমিন আক্তারের সঙ্গে ৪২ রানের জুটি গড়ে দলকে সামাল দেন নিগার। শারমিন ২৮ বলে ১৩ রান করে আউট হলে নিগারের সঙ্গে জুটি বাঁধেন সোবহানা মোস্তারি।

চতুর্থ উইকেটের এই জুটিতেই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের জয়। নিগার–মোস্তারির জুটিতে ৩৭ বলে আসে ৫৭ রান। ৭টি চার হাঁকিয়ে ৪৪ বলে অপরাজিত ৫০ রান করেন নিগার। আন্তর্জাতিক নারী টি–টোয়েন্টিতে এটি তাঁর দশম ফিফটি। অন্যদিকে মোস্তারি ২৩ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন, তাঁর ইনিংসে ছিল ৫টি চার ও ১টি ছয়।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে নেদারল্যান্ডস। মাত্র ২৩ রানের মধ্যেই দলটির ৫ উইকেট তুলে নেন নাহিদা আক্তার, রাবেয়া খান ও মারুফা আক্তার। নাহিদা ৪ ওভারে ১ মেডেনসহ মাত্র ১০ রান দিয়ে নেন ৩ উইকেট।

ষষ্ঠ উইকেটে রবিন রাইকি ও সানিয়া খুরানার জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে নেদারল্যান্ডস। এই জুটিতে আসে ৭৮ রান। রাইকি ৩৯ রান করে আউট হলেও খুরানা ৪৩ রান করে অপরাজিত থাকেন। তবে ১০২ রানের সংগ্রহ শেষ পর্যন্ত যথেষ্ট হয়নি।

Link copied!