টি–টুয়েন্টি বিশ্বকাপ

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, সতর্ক করলেন শশী থারুর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১২:৩২ এএম
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, সতর্ক করলেন শশী থারুর

ক্রিকেট–বিশ্বে একের পর এক বিতর্কিত ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে মনে করেন ভারতের কংগ্রেস নেতা শশী থারুর। টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বর্জনের ঘোষণার পরই এমন প্রতিক্রিয়া দিলেন তিনি। থারুরের মতে, এভাবে চলতে পারে না, দ্রুত সমাধান প্রয়োজন।

৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হবে দশম আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপ। তবে মাঠের খেলা শুরুর আগেই মাঠের বাইরের রাজনীতিতে উত্তাল ক্রিকেট–বিশ্ব। আইসিসি এই আসর থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার পর গতকাল পাকিস্তান জানিয়ে দিয়েছে, তারা ভারতের বিপক্ষে ম্যাচটি খেলবে না।


বার্তা সংস্থা এএনআইয়ের এক্স হ্যান্ডলে প্রকাশিত একটি ভিডিওতে থারুরকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাকিস্তানের ভারত ম্যাচ বর্জন নিয়ে কথা বলতে দেখা যায়। তাঁর মতে, বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা থেকেই পরিস্থিতি আজকের পর্যায়ে এসেছে।

ভারতের সাম্প্রদায়িক উগ্রপন্থীদের হুমকির মুখে গত ৩ জানুয়ারি মোস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স থেকে অব্যাহতি দিয়েছিল ভারতীয় বোর্ড বিসিসিআই। শশী থারুর বাংলাদেশি পেসারের প্রসঙ্গ টেনে বলেন, ‘খেলাধুলাকে এভাবে রাজনৈতিক রূপ দেওয়াটা বেশ লজ্জাজনক। আমি মনে করি, মোস্তাফিজুরকে কলকাতায় খেলার চুক্তি থেকে বঞ্চিত করা উচিত হয়নি। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ছিল।’

ভারত–পাকিস্তান ম্যাচ না হলে লোকসান ৬ হাজার কোটি টাকা, কার কত
মোস্তাফিজকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে বিশ্বকাপের ভেন্যু বদলাতে আইসিসিকে অনুরোধ করেছিল। তবে আইসিসি তা আমলে না নিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেয়। ভারতের নিরাপত্তাশঙ্কা আমলে নিলেও বাংলাদেশের বেলায় কেন ভিন্ন—এমন প্রশ্ন তুলে আইসিসিকে দ্বিমুখী আচরণের জন্য অভিযুক্ত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে ভারত ম্যাচ বয়কটের ঘোষণায় সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেনি দেশটির সরকার।

কংগ্রেস নেতা থারুর পুরো বিষয়টি একসূত্রে গাঁথা বলে মনে করেন, ‘অমার মনে হয়, বাংলাদেশের প্রতিক্রিয়াটি মাত্রাতিরিক্ত ছিল, তবে এটি একই পরিস্থিতির প্রতিফলন এবং পাকিস্তান মূলত বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশের চেষ্টা করছে। পুরো বিষয়টি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আমাদের বোঝা উচিত যে খেলাধুলা মানুষের মিলনের জায়গা। এভাবে পরিস্থিতি চলতে দেওয়া ঠিক নয়।’

বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত আইসিসির সবার সঙ্গে কথা বলা দরকার মনে করেন থারুর, ‘সংশ্লিষ্ট সবার জন্য এটি একটি সতর্কবার্তা। সবাই মিলে একটা জায়গায় বসুন। আইসিসি সেই সুযোগ করে দিতে পারে। এখনই সময় এই অর্থহীন লড়াই বন্ধ করার। চিরকাল এভাবে চলতে পারেন না।’

Link copied!