হালুয়া শবে বরাতের খাবারের তালিকায় সবচেয়ে পরিচিত নাম। সুজি, আটা বা ডাল দিয়ে তৈরি হালুয়া অনেক পরিবারেই নিয়মিত হয়ে থাকে। অনেকে মনে করেন, এই রাতে মিষ্টি খাবার তৈরি করে বিতরণ করা সওয়াবের কাজ। যদিও ধর্মীয়ভাবে নির্দিষ্ট কোনো খাবারের বাধ্যবাধকতা নেই, তবু হালুয়া ধীরে ধীরে একটি সামাজিক নিয়মে পরিণত হয়েছে। রুটি ও মাংসের আয়োজনও অনেক জায়গায় দেখা যায়। বিশেষ করে গরু বা খাসির মাংস দিয়ে সাধারণ ঝোল বা কোরমা রান্না করা হয়। ইবাদতের পর পরিবারের সবাই একসঙ্গে বসে খাওয়ার এই মুহূর্তগুলো অনেকের কাছেই শবে বরাতের স্মৃতির অংশ।

সেমাই বরফি
উপকরণ: সেমাই ১ প্যাকেট, ঘি ৩-৪ টেবিল চামচ, কনডেন্সড মিল্ক ৩/৪ টিন, ঘন দুধ ১/২ কাপ, এলাচ গুঁড়ো ১/২ চা চামচ, বাদাম কুচি ও নারকেল কুড়ানো পছন্দমতো।
প্রস্তুতি: প্যানে ঘি গরম করে সেমাই ভেজে নিন ৫-৭ মিনিট। কনডেন্সড মিল্ক, ঘন দুধ, এলাচ ও বাদাম মিশিয়ে নাড়ুন যতক্ষণ না প্যান ছাড়ে। ঘি মাখানো ট্রেতে ছড়িয়ে বাদাম ছড়ান। ৩০ মিনিট ফ্রিজে ঠান্ডা করে কেটে পরিবেশন করুন। টিপস: মুচমুচে বরফির জন্য শুধু কনডেন্সড মিল্ক, নরমের জন্য ঘন দুধ ব্যবহার করুন।

হাঁস ভুনা
উপকরণ: ১ কেজি হাঁসের মাংসের জন্য পেঁয়াজ, জিরা, ধনে, শুকনো মরিচের পেস্ট। আদা-রসুন বাটা, হলুদ, গরম মসলা, লবণ মিশিয়ে ১ ঘণ্টা ম্যারিনেট করুন।
প্রস্তুতি: তেলে গরম মসলা, পেঁয়াজ ভেজে ম্যারিনেটেড মাংস দিন। ১০ মিনিট ঢেকে রাখুন। ২০-২৫ মিনিট কষিয়ে প্রয়োজনে গরম পানি দিয়ে সেদ্ধ করুন। তেল ওঠা পর্যন্ত রান্না করুন।

বাদামের হালুয়া
উপকরণ: কাজু/চিনাবাদাম ২ কাপ, ছানা/দুধ ২ কাপ, চিনি দেড় কাপ, ঘি আধা কাপ, জাফরান, গুঁড়ো দুধ, ময়দা।
প্রস্তুতি: বাদাম ভিজিয়ে খোসা ছাড়িয়ে ব্লেন্ড করুন। ঘি গরম করে মসলা, বাদাম, ছানা, চিনি, জাফরান মিশিয়ে নাড়ুন। গুঁড়ো দুধ-ময়দা দিয়ে হালুয়ার মতো করুন। ঘি মাখানো পাত্রে ঢেলে সাজিয়ে ঠান্ডা করে কাটুন।

গাজরের হালুয়া
উপকরণ: গাজর ১.৫ কেজি, চিনি ২ কাপ, দুধ ২ লিটার, এলাচ-দারুচিনি, ঘি ৩-৪ টেবিল চামচ।
প্রস্তুতি: দুধ ঘন করে গাজর মিশিয়ে নরম করুন। চিনি, মসলা দিয়ে নাড়তে থাকুন। দুধ শুকিয়ে ঘি দিন। সোনালি বাদামি হলে বাদাম ছড়িয়ে পরিবেশন করুন।

গরুর কড়াইঘোষ্ট
উপকরণ: ১ কেজি গরুর মাংস, টক দই, সব মসলা মিশিয়ে ২০ মিনিট ম্যারিনেট করুন।
প্রস্তুতি: তেলে গরম মসলা, পেঁয়াজ ভেজে মাংস কষান। ৪ কাপ পানি দিয়ে সেদ্ধ করুন। আলাদা করে পেঁয়াজ-রসুন-টমেটো ভেজে কড়াইয়ে দিয়ে ২-৩ মিনিট দমে রাখুন।

খেজুরের বরফি
উপকরণ: খেজুর ৩০০ গ্রাম, চিনি ৭০০ গ্রাম, ঘন দুধ ১ কাপ, ঘি আধা কাপ।
প্রস্তুতি: খেজুর ভিজিয়ে পেস্ট করুন। ঘি গরম করে খেজুর, চিনি, দুধ, মসলা মিশিয়ে আঠালো হলে ঘি মাখানো পাত্রে ঢালুন। সাজিয়ে ঠান্ডা করে কাটুন।
শবে বরাতের মূল তাৎপর্য খাবারে নয়, ইবাদত ও আত্মশুদ্ধিতে। খাবার সেই উপলক্ষকে সুন্দর করে তোলার একটি অংশমাত্র। আয়োজন হোক সাধ্যের মধ্যে, উদ্দেশ্য হোক ভাগ করে নেওয়া।







































