আসন্ন পবিত্র রমজানুল মবারক মাসে সাধারণ জনগণ যেন সহজে প্রাণিজ আমিষের চাহিদা পূরণ করতে পারেন, সেই উদ্দেশ্যে সরকার মাসব্যাপী সুলভ মূল্যে দুধ, ডিম, গরুর মাংস ও ড্রেসড ব্রয়লার বিক্রির ব্যবস্থা নিয়েছে।
মঙ্গলবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. মামুন হাসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রমজানের আগের দিন থেকে ২৫ রমজান পর্যন্ত মোট ২৬ দিন ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে ড্রেসড ব্রয়লার, দুধ, ডিম ও গরুর মাংস সুলভ মূল্যে বিক্রি করা হবে। এই মূল্যগুলো নির্ধারণ করা হয়েছে—ড্রেসড ব্রয়লারের মাংস প্রতি কেজি ২৪৫ টাকা, পাস্তুরাইজড দুধ প্রতি লিটার ৮০ টাকা, ডিম প্রতি পিস ৮ টাকা এবং গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা।
পবিত্র রমজানকে সামনে রেখে মাংস, ডিম ও দুধের নিরবচ্ছিন্ন সরবরাহ ও বাজারমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে রবিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। সভায় আরো সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন বিভাগীয় পরিচালক ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ঢাকা শহরের বাইরে অন্যান্য বিভাগীয় ও জেলা শহরেও স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনায় সুলভ মূল্যে এই পণ্যগুলোর বিপণনের উদ্যোগ নেবেন।
জনগণের চাহিদা বিবেচনায় ঢাকা ও সিটি করপোরেশন এলাকায় প্রাথমিকভাবে ২৫টি গুরুত্বপূর্ণ স্থানে এ কার্যক্রম পরিচালিত হবে। এর মধ্যে রয়েছে সচিবালয়ের পাশে আব্দুল গনি রোড, খামারবাড়ি ফার্মগেট, ষাটফুট রোড মিরপুর, আজিমপুর মাতৃসদন, নয়াবাজার পুরান ঢাকা, উত্তরা হাউজ বিল্ডিং, রামপুরা বাজার, হাজারীবাগ, আরামবাগ মতিঝিল, কালশী মিরপুর, মানিক নগর যাত্রাবাড়ী, শাহজাদপুর বাড্ডা, কড়াইল বস্তি বনানী, কামরাঙ্গীরচর, খিলগাঁও রেল ক্রসিং, নাখালপাড়া লুকাস মোড়, সেগুনবাগিচা কাঁচা বাজার, মোহাম্মদপুর বাবর রোড ও বসিলা, কাকরাইল, বনশ্রী, মিরপুর-১০, কল্যাণপুর, তেজগাঁও এবং পুরান ঢাকার বঙ্গবাজার। স্থানীয় উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে সমন্বয় করে ভ্রাম্যমাণ বিক্রয়ের জন্য স্থায়ী স্পট নির্ধারণের মাধ্যমে বিক্রয় কেন্দ্রের সংখ্যা পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে।

































