নাহিদ ইসলামের রিট খারিজ, কাইয়ুমের নির্বাচনে কোনো বাধা নেই


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০২:০৫ পিএম
নাহিদ ইসলামের রিট খারিজ, কাইয়ুমের নির্বাচনে কোনো বাধা নেই

দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিত্ব চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট সরাসরি খারিজ করেছে হাইকোর্ট। এর ফলে ড. কাইয়ুমের নির্বাচনী অংশগ্রহণে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।

মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ এই আদেশ জারি করেন।

নাহিদের অভিযোগ ছিল
গতকাল নাহিদ ইসলামের পক্ষে অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা ও আলী আজগর শরীফী রিট দায়ের করেন। তারা বলেন, বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম হলফনামায় ভানুয়াতুর নাগরিকত্বের তথ্য গোপন করেছেন। সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন মাধ্যমে তার পাসপোর্টের ছবি প্রকাশিত হয়েছে।

নাহিদের আইনজীবী আরও বলেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী দ্বৈত নাগরিকরা সংসদ সদস্য নির্বাচনে অযোগ্য। এই দুটি বিষয়েই ভিত্তি করে রিট দায়ের করা হয়।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত
এর আগে নির্বাচন কমিশন ঢাকা-১১ আসনে ১২ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং বিএনপির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিল। বিএনপির এই প্রার্থীর নির্বাচনী যাত্রায় এখন কোনো আইনি বাধা নেই।

Link copied!