জাপানে ভারী তুষারপাতে ৩০ জনের মৃত্যু, উদ্ধারকর্মীরা হিমশিম খাচ্ছে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০১:০২ পিএম
জাপানে ভারী তুষারপাতে ৩০ জনের মৃত্যু, উদ্ধারকর্মীরা হিমশিম খাচ্ছে
জাপানে উদ্ধারকর্মীরা রাস্তা ও বাড়িঘর থেকে তুষার সরাতে হিমশিম খাচ্ছেন। ছবি: এএফপি

গত দুই সপ্তাহে জাপানে অস্বাভাবিক ভারী তুষারপাতে ৩০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সরকারি কর্মকর্তারা এ তথ্য জানান।

মৃতদের মধ্যে ৯১ বছর বয়সী জিন নামে এক বৃদ্ধাও রয়েছেন। আওমোরি অঞ্চলের একটি এলাকায় তাঁর নিজবাড়ির সামনে তিন মিটার উঁচু তুষার স্তূপের নিচে চাপা পড়ে তিনি মারা যান। স্থানীয় পুলিশের ধারণা, বাড়ির ছাদ থেকে তুষার গলে সরাসরি তাঁর ওপর পড়ে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তাঁর মৃতদেহের পাশে একটি অ্যালুমিনিয়ামের বেলচা পাওয়া গেছে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত আওমোরি
সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আওমোরি অঞ্চলে। সেখানকার দুর্গম এলাকায় এখনো প্রায় ৪.৫ মিটার তুষার জমে আছে। বাসিন্দাদের সহায়তার জন্য কেন্দ্রীয় সরকার সেনা মোতায়েন করেছে।

আওমোরির গভর্নর সোইচিরো মিয়াশিতা গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে জানান, তিনি জাপানি সামরিক বাহিনীকে দুর্যোগকালীন ত্রাণসহায়তার জন্য অনুরোধ করেছেন। উদ্ধারকর্মীরা রাস্তা ও বাড়িঘর থেকে তুষার সরাতে হিমশিম খাচ্ছেন। ছাদ থেকে তুষার পড়া বা ভবন ধসে পড়ার মতো প্রাণঘাতী দুর্ঘটনার ঝুঁকিও রয়ে গেছে।

জরুরি মন্ত্রিসভা বৈঠক
পরিস্থিতি মোকাবিলায় আজ সকালে জরুরি মন্ত্রিসভা বৈঠক করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। তুষারপাতজনিত দুর্ঘটনা ও মৃত্যু রোধে মন্ত্রীদের সর্বোচ্চ তৎপর থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

অগ্নি ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্যমতে, গত ২০ জানুয়ারি থেকে আজ পর্যন্ত এই তুষারপাতে ৩০ জন প্রাণ হারিয়েছেন। এক তীব্র শৈত্যপ্রবাহের কারণে সাম্প্রতিক সপ্তাহগুলোতে জাপান সাগরের উপকূলীয় এলাকায় ভারী তুষারপাত হয়েছে। কিছু এলাকায় স্বাভাবিকের চেয়ে দ্বিগুণের বেশি তুষারপাত রেকর্ড করা হয়েছে।

 

Link copied!