বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘তিস্তা এ অঞ্চলের অহংকার। কথা দিচ্ছি, তিস্তাকে আবার জীবন দিন। তিস্তা হবে উত্তর অঞ্চলের অর্থনীতির কেন্দ্র বিন্দু। যে কোনো কিছুর বিনিময় হলেও আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবো। আমরা বুড়িমারী স্থলবন্দরের উন্নয়ন করবো। সড়ক পথ ও রেল পথের উন্নয়ন করা হবে।’
বুধবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যারাজ হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচনে সংশ্লিষ্টদের সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
তিনি বলেন, ‘উত্তর অঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলিত। এ অঞ্চল থেকেই উন্নয়নের বীজ রোপণ করা হবে। দীর্ঘদিন এ জাতিকে বিভক্ত করে একদল মতলববাজ ব্যবসা করেছেন, চাঁদাবাজি করেছেন। এটা আমরা বন্ধ করতে চাই। উত্তর অঞ্চলকে কৃষি শিল্পের রাজধানী করা হবে।’
জামায়াতের আমির আরও বলেন, ‘একদল মানুষ ভয়ে আছেন। ভয়ের কোনো কারণ নেই। আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠা করবো। সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই। আমরা জীবন দেবো, তবু আমাদের মা-বোনদের গায়ে হাত দিতে দেবো না। নারী জাতির নিরাপত্তা নিশ্চিত করা হবে।’
তিনি বলেন, ‘কেউ কেউ প্রথমে হ্যাঁ ভোটের পক্ষে ছিলেন না। পরে পরিস্থিতি খারাপ দেখে হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছেন। আমরা বসন্তের কোকিল না। আমরা দেশ ছেড়ে পালিয়ে যাই না। আমরা দেশে আছি, দেশেই থাকবো।’
দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনাকারী দলগুলোর সমালোচনা করে জামায়াতের আমির বলেন, ‘এ দেশের মানুষ তোমাদের অনেক দেখেছে, এবার বিশ্রামে যাও। এবার আমাদের একটু সুযোগ দাও। আমরা বসন্তের কোকিল নই। আমরা দেশের উন্নয়ন করবো।’
তিনি আরও বলেন, ‘তারা রাজনীতির নামে দুর্নীতি করেছে। দুর্নীতি আর রাজনীতি একসাথে চলে না। তাদের রাজনীতি করার অধিকার নেই। আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বো।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমি জামায়াতের বিজয় চাই না, আমি ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমি হ্যাঁ ভোটের বিজয় চাই। হ্যাঁ ভোটের বিজয় মানে জনতার বিজয়। এতে নতুন বাংলাদেশ পাওয়া যাবে।’
তিনি আরও বলেন, ‘মানুষ বাংলাদেশের পরিবর্তন চায়। এবারের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। এবার দুটি ভোট—একটি ‘হ্যাঁ’। ‘হ্যাঁ’ মানে আজাদি, ‘না’ মানে গোলামি। ‘হ্যাঁ’ ভোট মা-বোনদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। তিনি ভোটারদের প্রথম ভোটটি ‘হ্যাঁ’-তে এবং দ্বিতীয় ভোটটি ১১ দলীয় জোটের প্রার্থীকে দেওয়ার আহ্বান জানান।’
লালমনিরহাট জেলা জামায়াতের আমির ও লালমনিরহাট-৩ আসনের প্রার্থী আবু তাহেরের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন ১১ দলীয় জোটের নেতারা। এর আগে জামায়াতের আমির কুড়িগ্রাম থেকে হেলিকপ্টারে করে তিস্তা ব্যারাজ হেলিপ্যাড মাঠে পৌঁছান।


































