আশুলিয়ায় ৬ লাশ পুড়িয়ে হত্যা: মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১২:০১ পিএম
আশুলিয়ায় ৬ লাশ পুড়িয়ে হত্যা: মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ

জুলাই গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গত রোববার রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন।

এর আগে গত ২০ জানুয়ারি রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক সম্পন্ন হয়। সেদিন উভয় পক্ষের শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান (সিএভি) রাখা হয়। আসামিপক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন, মিরাজুল আলম ও আবুল হাসান যুক্তি উপস্থাপন করেন। প্রসিকিউশনের পক্ষে যুক্তি খণ্ডন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম।

মামলায় মোট ১৬ আসামির মধ্যে আটজন গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, ডিবির তৎকালীন পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, এসআই শেখ আবজালুল হক ও কনস্টেবল মুকুল চোকদার।

এ ছাড়া আটজন পলাতক রয়েছেন বলে মামলার নথিতে উল্লেখ আছে। তারা হলেন সাবেক এমপি মুহাম্মদ সাইফুল ইসলাম, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামান রিপন, আশুলিয়া থানার সাবেক ওসি এ এফ এম সায়েদ (রনি), সাবেক পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান, নির্মল কুমার দাস (অপারেশন), সাবেক এএসআই বিশ্বজিৎ সাহা ও স্থানীয় যুবলীগ ক্যাডার রনি ভূঁইয়া।

অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের দিনে সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে পাঁচজন নিহত হন এবং একজন গুরুতর আহত হন। পরে নিহত পাঁচজনের লাশ এবং আহত ব্যক্তিকে পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ছড়িয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় মিলেছে—সাজ্জাদ হোসেন (সজল), আস সাবুর, তানজীল মাহমুদ সুজয়, বায়েজিদ বুসতামি ও আবুল হোসেন।

এ ঘটনায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা হয়। পরে গত বছরের ২ জুলাই প্রসিকিউশন ১৬ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয়। এরপর ২১ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। মামলায় একজন আসামি এসআই শেখ আবজালুল হক দোষ স্বীকার করেন এবং রাজসাক্ষী হয়ে জবানবন্দিও দিয়েছেন বলে জানা গেছে।

Link copied!