বাংলাদেশের পাশে পাকিস্তান

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারত–ম্যাচ বয়কটের ঘোষণা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১১:৫৪ এএম
টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারত–ম্যাচ বয়কটের ঘোষণা

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান—এ কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ‘খেলার মাঠে রাজনীতি’ ঢুকে পড়েছে—এমন অভিযোগ তুলে তিনি বলেন, বিশ্বকাপ থেকে বাদ পড়া বাংলাদেশের পাশে দাঁড়াতেই পাকিস্তান সরকার এই অবস্থান নিয়েছে।

গতকাল বুধবার ইসলামাবাদে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠকে শাহবাজ শরিফ বলেন, “টি–টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমরা খুব পরিষ্কার অবস্থান নিয়েছি—আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ, খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়।”

বাংলাদেশের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের পুরোপুরি বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি, এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত।”

প্রেক্ষাপট: বাংলাদেশ বাদ পড়ার পরই ঘোষণা
বাংলাদেশের নিরাপত্তাশঙ্কা বিবেচনায় না নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দলটিকে টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দেয়। যদিও গত সপ্তাহেই সিদ্ধান্তটি জানানো হয়েছিল, এর পেছনের যুক্তি এবারই প্রথম প্রকাশ করল পাকিস্তান সরকার। এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান মহসিন নাকভি আইসিসির “দ্বিমুখী নীতি” নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

বিশ্বকাপ সূচি ও আইসিসির প্রতিক্রিয়া
ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ২০২৬ আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ। সূচি অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারত–পাকিস্তান ম্যাচ হওয়ার কথা ছিল। তবে গত রোববার পাকিস্তান সরকারের এক্স (X) হ্যান্ডল থেকে দেওয়া পোস্টে জানানো হয়, ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না পাকিস্তান দল।

এ বিষয়ে পিসিবি প্রকাশ্যে কিছু না বললেও, ওই দিনই আইসিসি এক বিবৃতিতে পাকিস্তানকে “দীর্ঘমেয়াদি প্রভাবের” কথা মনে করিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানায়।

আগের ঘটনা: বাংলাদেশের নিরাপত্তা ইস্যু
এর আগে ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কার কথা জানিয়ে বাংলাদেশ সরকার বিশ্বকাপের জন্য ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় এবং ভেন্যু বদলে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের অনুরোধ করেছিল। তবে আইসিসি সেই অনুরোধ গ্রহণ করেনি। পরে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়। বাংলাদেশের ক্ষেত্রে নিরাপত্তা ইস্যু কেন আমলে নেওয়া হয়নি—এ প্রশ্ন তুলে পিসিবি প্রধান মহসিন নাকভি আইসিসির সমালোচনা করেছিলেন এবং “বাংলাদেশের প্রতি অন্যায় হচ্ছে” বলেও মন্তব্য করেন।

খেলা বিভাগের আরো খবর

Link copied!