ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ইশতেহার আগামীকাল (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ (বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি) যৌথসভা শেষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
রিজভী বলেন, ‘আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় হোটেলে সোনারগাঁওয়ে এ নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হবে। আগামী ৮ ফেব্রুয়ারি (রোববার) বিএনপির শেষ জনসভা অনুষ্ঠিত হবে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর ২টায় এবং প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শেষ নির্বাচনি সমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। ঢাকা ও আশপাশের প্রার্থীরা জনসভা উপস্থিত থাকবেন।’
শান্তিপূর্ণ নির্বাচনের আশা প্রকাশ করে রিজভী বলেন, ‘ভোটাররা নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, সেটিই প্রত্যাশা।’ বিএনপি সব সময় মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘এতো নিপীড়নও বিএনপিকে দমন করতে পারেনি, দেশের মানুষ ধানের শীষকে শুধু প্রতীক নয়, আবেগ মনে করে। তা ধারণ করেই মানুষ ১২ ফেব্রুয়ারি ভোট দেবেন।’
বিএনপির এ জ্যেষ্ঠ নেতা আরও বলেন, ‘শাক দিয়ে মাছ ঢাকা যায় না, নিজে একটি কাজ করেও নানাভাবে ঢাকার চেষ্টার কারণে এই প্রবাদ। যা কিছু দেখছি শাক দিয়ে মাছ ঢাকার নামান্তর।’
দেশ ও গণতন্ত্রের জন্য এবারে নির্বাচনে জনগণ ধানের শীষের পক্ষে রায় দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি। রিজভী বলেন, কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে বিএনপির অগ্রযাত্রা থামানো যাবে না।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একইদিনে অনুষ্ঠিত হবে গণভোটও। ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত নির্বাচনী প্রচার-প্রচারণা চলবে।
































