সালমার কষ্টের কান্না


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৩:১৩ পিএম
সালমার কষ্টের কান্না

ক্যারিয়ারে আর পেছনে ফিরে তাকাতে চান না গায়িকা সালমা আক্তার। নতুন বছরটা তিনি কাজ ও দায়িত্ব নিয়েই ব্যস্ত থাকতে চান। এমনকি কারও সম্পর্কে পেছনে কোনো কথা বলতেও রাজি নন। এসব প্রসঙ্গে এক সাক্ষাৎকারে সালমা জানান, “এই সালমা কান্না করলেও ঘরের মধ্যে।”

কেন তিনি কান্নাটাও ঘরের মধ্যে রাখতে চান—এ বিষয়ে সালমা বলেন, যাঁরা তাঁকে চেনেন—ভক্ত, গানের মানুষ, সহকর্মীরা—তাঁরা জানেন সংসারটা আগলে রাখতে তিনি কতটা চেষ্টা করেছেন। সবকিছু মিলিয়ে তাঁর চাওয়া একটাই—“সে ভালো থাকুক।”

সালমার ব্যক্তিগত জীবনে ২০১৮ সালে পারিবারিক আয়োজনে আইনজীবী সানাউল্লাহ নূরেকে বিয়ে করেছিলেন তিনি। বিয়ের সাত বছরের মাথায় স্বামীর পক্ষ থেকে বিচ্ছেদের খবর প্রকাশ পায়। পরে সালমা নিজেও গণমাধ্যমকে জানান, তাঁদের বিচ্ছেদ হতে যাচ্ছে। তবে স্বামীর প্রতি তাঁর ভালোবাসা আগের মতোই রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বিচ্ছেদের নানা প্রসঙ্গে কথা বলতে গিয়ে সালমা জানান, এই সময়টাতে তাঁর পাশে ছিল তাঁর মেয়ে। সালমা বলেন, তাঁর মেয়ের নাম সাফিয়া এবং সে দেখতে বাবার মতো। এখন তাঁর ভালোবাসার মানুষ এবং তাঁর কন্যার বাবা সেই মানুষটিই—তাই তাকে সম্মান দেখানোও তাঁর দায়িত্ব। মেয়েটি একদিন বড় হবে, তখন আজ তিনি যে কথাগুলো বলছেন, সেগুলো থেকেই যাবে। কোনো একদিন মেয়ে এসব নিয়ে প্রশ্ন করতে পারে—সেই পরিস্থিতিতে তিনি নিজেই ছোট হয়ে যাবেন—এটা তিনি চান না বলেও বলেন সালমা।

সাক্ষাৎকারে সালমা আরও বলেন, ছোটবেলায় তিনি যে মানুষ ছিলেন, তখন অন্য একজনকে নিয়ে কী বলেছেন—সেটা ছিল ভিন্ন জীবন, ভিন্ন সময়। কিন্তু ২০২৬ সালটা তাঁর জন্য নতুন বছর। তাঁর ভাষায়, “হয়তো নতুন করে সালমার জন্ম হলো।” তাই এই নতুন সালমা যদি কাঁদেও, সেটা ঘরের মধ্যেই; বাইরে তিনি হাসতে চান, গান করে যেতে চান। তিনি চান তাঁর সন্তানদের মানুষ করতে, তাদের সুন্দর জীবন দিতে। একই সঙ্গে মা–বাবা, ছোট ভাই, সামাজিক কাজ—সব মিলিয়ে অনেক দায়িত্ব আছে তাঁর, সেগুলো নিয়েই থাকতে চান।

বাংলাভিশনকে দেওয়া ওই সাক্ষাৎকারে সালমা আরও জানান, বর্তমানে তিনি একাধিক গান ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

Link copied!