ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসীদের পোস্টাল ব্যালটের মাধ্যমে তিন লাখ ২৬ হাজার ভোট দেশে পৌঁছে গেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টা পর্যন্ত নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য নিশ্চিত হয়েছে।
ইসি জানায়, বিভিন্ন দেশে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে প্রবাসীরা গ্রহণ করেছেন ৫ লাখ ২৪ হাজার ৮৬৯টি ব্যালট। এদের মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৪ লাখ ৭২ হাজার ৪১০ জন প্রবাসী। পোস্ট অফিসে জমা দিয়েছেন ৪ লাখ ৩১ হাজার ৭৪৮ জন। এর মধ্যে বাংলাদেশে ফিরে এসেছে ৩ লাখ ২৬ হাজার ২০টি পোস্টাল ভোট এবং রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে ৪১ হাজার ১৭৮টি ভোট।
এদিকে, দেশের অভ্যন্তরে অবস্থিত ভোটারদের জন্য ৬ লাখ ৬২ হাজার ১৯১টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে গ্রহণ করেছেন ১ লাখ ৩১ হাজার ৬৯১ জন ভোটার। ভোট দিয়েছেন ৯৬ হাজার ৬৩২ জন এবং পোস্ট অফিসে জমা দিয়েছেন ১ লাখ ৪ হাজার ১৬৫ জন। রিটার্নিং কর্মকর্তারা এর মধ্যে ১২ হাজার ৯১৫টি ব্যালট গ্রহণ করেছেন।
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত জাতীয় নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।



































