দুই হালি ডিমের দাম উঠল দুই হাজার টাকা!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৩:২৩ পিএম
দুই হালি ডিমের দাম উঠল দুই হাজার টাকা!

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় একটি মসজিদে দান করা দুই হালি ডিম নিলামে দুই হাজার টাকায় বিক্রি হয়েছে। পবিত্র শবে বরাত উপলক্ষে গতকাল মঙ্গলবার রাতে এশার নামাজের আগে কাদিরজঙ্গল ইউনিয়নের নামাপাড়া গ্রামে নামাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শবে বরাত উপলক্ষে দুই মুসল্লি মসজিদে দুই হালি ডিম দান করেন। এর মধ্যে এক হালি দেশি মুরগির ডিম ও অন্যটি হাঁসের ডিম। মসজিদ পরিচালনা কমিটি এশার নামাজের আগে ডিমগুলো নিলামে তোলে। স্থানীয় বাজারে এসব ডিমের আনুমানিক মূল্য প্রায় ১২০ টাকা।

নিলামে প্রথমে এক হালি ডিম ৩০০ টাকায় কিনে নেন মানিক মিয়া। পরে অন্য হালিটি ১ হাজার টাকায় কিনে নেন বাদল মিয়া নামের আরেক মুসল্লি। এরপর মানিক মিয়া তাঁর কেনা ডিমগুলো আবার মসজিদে দান করলে নতুন করে নিলাম শুরু হয়। এতে ৪–৫ জন মুসল্লির মধ্যে দর হাঁকানোর প্রতিযোগিতা চলে। শেষ পর্যন্ত মো. রানা নামের এক মুসল্লি ৭০০ টাকায় ডিমগুলো কিনে নেন।

বাদল মিয়া ও মো. রানা জানান, মসজিদ থেকে নেওয়া খাবার খেলে অসুখ ভালো হয়—এমন একটি বিশ্বাস থেকে তাঁরা ডিমগুলো কিনেছেন।

নিলামে সংগৃহীত অর্থ মসজিদের উন্নয়নকাজে ব্যয় করা হবে জানিয়ে মসজিদটির খতিব রবিউল ইসলাম বলেন, ভালো কাজে প্রতিযোগিতার নির্দেশনা আছে। মসজিদের কোনো জিনিস কিনলে আল্লাহর বরকত পাওয়া যায়—এই বিশ্বাস থেকেই মানুষ বেশি দামে নিলামে অংশ নেন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!