জুলাই অভ্যুত্থান থেকে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ৩৬ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। গত ৩০ জানুয়ারি রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে আহ্বায়ক নাহিদ ইসলাম এই ‘তারুণ্য ও মর্যাদার’ ইশতেহার প্রকাশ করেন। এনসিপি জামায়াতসহ ১০ দলের জোটে ৫০টির কম আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে।
ট্রুথ কমিশন ও বিচার
ইশতেহারের দ্বিতীয় দফায় বলা হয়েছে, আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত জুলাই গণহত্যা, শাপলা গণহত্যা, বিডিআর হত্যাকাণ্ড, গুম ও বিচারবহির্ভূত হত্যাসহ সব মানবতাবিরোধী অপরাধের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হবে। পোস্ট-নাজি জার্মানি ও পোস্ট-অ্যাপার্থাইড দক্ষিণ আফ্রিকার মডেলে ‘ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন’ কমিশন গঠন হবে। এর মাধ্যমে ফৌজদারি অপরাধে না জড়িত আওয়ামী লীগ সমর্থকদের অপরাধ স্বীকার ও ক্ষমাপ্রার্থনার বিনিময়ে সোশ্যাল জাস্টিসের আওতায় সমাজে ফিরিয়ে আনা হবে।
অর্থনীতি ও কর্মসংস্থান
-
আগামী ৫ বছরে ১ কোটি সম্মানজনক কর্মসংস্থান: কৃষিতে ২৫ লাখ, লাইট ইঞ্জিনিয়ারিং ও শিল্পে ৩০ লাখ, ডিজিটাল অর্থনীতিতে ১৫ লাখ, নির্মাণ খাতে ১৫ লাখ।
-
জাতীয় ন্যূনতম মজুরি ঘণ্টায় ১০০ টাকা।
-
দেশব্যাপী ২০০০ নাগরিক কর্নার স্থাপন বেসরকারি পার্টনারশিপে।
প্রতিরক্ষা ও নিরাপত্তা
-
সশস্ত্র বাহিনীতে রেগুলার ফোর্সের দ্বিগুণ আকারের রিজার্ভ ফোর্স (এককালীন ৫০০ কোটি, বার্ষিক ৪০০ কোটি); বছরে ৩০ হাজার তরুণকে ১০ সপ্তাহ প্রশিক্ষণ।
-
৫ বছরে সেনাবাহিনীতে ইউএভি (ড্রোন) ব্রিগেড (২৫০০ কোটি) ও ৮টি সারফেস-টু-এয়ার মিসাইল ব্যাটারি (১০-১৫ হাজার কোটি)।
-
র্যাব বিলুপ্তি, ডিজিএফআই পুনর্গঠন, পুলিশে নতুন এলিট ইউনিট। গোয়েন্দা সংস্থায় সংসদীয় তদারকি ও রাজনৈতিক অপব্যবহার রোধে আইন।
স্বাস্থ্য ও শিক্ষা
-
উত্তর-দক্ষিণাঞ্চলে বিশেষায়িত স্বাস্থ্যসেবা জোন (প্রতিটিতে ২০০০ কোটি + বার্ষিক ১০০০ কোটি); সরকারি হাসপাতাল থেকে রেফার্ড রোগীদের সাবসিডি।
-
ভোটাধিকারের বয়স ১৮ থেকে ১৬ বছর।
-
‘রিভার্স ব্রেন ড্রেইন’ : ৫ বছরে ১০০ গবেষককে ন্যাশনাল রিসার্চ গ্র্যান্ট (বার্ষিক ১২০ কোটি); প্রকল্পপ্রতি ৫ কোটি + মাসিক বেতন।
স্বচ্ছতা ও সেবা
-
‘হিসাব দাও’ পোর্টালে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সম্পদ-ব্যয়ের হালনাগাদ তথ্য; প্রকল্প এলাকায় বিলবোর্ডে খরচ প্রকাশ।
-
এনআইডি কার্ডেই সব সেবা; চাঁদাবাজি বন্ধে ৯৯৯ হটলাইন + জিরো টলারেন্স।
-
আমলাতন্ত্রে ল্যাটেরাল এন্ট্রি বাড়ানো (অর্থনীতি, প্রযুক্তি, স্বাস্থ্য খাতে)।
প্রবাসী ও আবাসন
-
প্রবাসীদের রেমিটমাইলস, পেনশন-বিনিয়োগ সুবিধা; বছরে ১৫ লাখ নিরাপদ চাকরি।
-
ডায়াস্পোরা ডিজিটাল পোর্টাল (ওয়ান স্টপ সার্ভিস); বিমানবন্দর-দূতাবাসে হয়রানি বন্ধ।
-
গণপরিবহনকেন্দ্রিক সামাজিক আবাসন (হেমায়েতপুর, সাভার, কেরানীগঞ্জ); PPP ও ওয়াকফ সুকুক ভিত্তিতে।
-
আসিয়ানে বাংলাদেশ যুক্তকরণ।
-
সব প্রতিষ্ঠানে ৬ মাস মাতৃত্বকালীন + ১ মাস পিতৃত্বকালীন ছুটি।
এনসিপির এই ইশতেহার তাদের গত বছরের ২৪ দফার দলীয় ইশতেহারের উপর ভিত্তি করে তৈরি, যেখানে ‘দ্বিতীয় রিপাবলিক’ ও নতুন সংবিধান ছিল মূল দাবি।



































