মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) ক্রিকেটের ৪২টি ধারায় ব্যাপক সংশোধনী এনে নতুন আইন প্রকাশ করেছে। ২০২৬ সালের ১ অক্টোবর থেকে কার্যকর হবে এই পরিবর্তনগুলো, যার মূল লক্ষ্য অপেশাদার ক্রিকেটকে সাশ্রয়ী ও সহজলভ্য করা। মঙ্গলবার এমসিসির ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি জানানো হয়। ২০১৭ সালের কোডের পর এটি তৃতীয় বড় আপডেট।
শেষ ওভারে নতুন নিয়ম
দিনের শেষ ওভারে উইকেট পড়লে আগে খেলা বন্ধ হয়ে যেত, যা ব্যাটিং দলের জন্য সুবিধাজনক ছিল এবং টেস্ট ম্যাচের নাটকীয়তা নষ্ট করত। নতুন নিয়মে পরিস্থিতি অনুকূলে থাকলে শেষ ওভার সম্পূর্ণ করতে হবে, উইকেট পড়লেও নতুন ব্যাটার পাঠাতে বাধ্য। এতে খেলার ন্যায্যতা ও উত্তেজনা বাড়বে।
বাউন্ডারি ক্যাচে 'বানি হপ' সীমিত
বাউন্ডারির বাইরে থেকে লাফিয়ে বল ভেতরে ঠেলে আবার ক্যাচ নেওয়া (বানি হপ) এখন কঠিন। ফিল্ডার বাইরে থেকে শূন্যে বল একবার স্পর্শ করতে পারবেন, কিন্তু ক্যাচ সম্পূর্ণ করতে অবশ্যই বাউন্ডারির ভেতরে ফিরতে হবে। আইসিসি ইতিমধ্যে প্লেয়িং কন্ডিশনে এটি অন্তর্ভুক্ত করেছে।
ল্যামিনেটেড ব্যাট অনুমোদিত
প্রাপ্তবয়স্ক ক্লাব ক্রিকেটে ল্যামিনেটেড ব্যাট (বিভিন্ন কাঠের সমন্বয়ে তৈরি, সস্তা) ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। উইলো কাঠের দাম বাড়ায় এবং সরবরাহ কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে কেবল জুনিয়র ক্রিকেটে ছিল অনুমোদন।
অন্যান্য গুরুত্বপূর্ণ পরিবর্তন
-
ইনিংস ঘোষণা: ম্যাচের শেষ ইনিংসে অধিনায়ক ডিক্লেয়ার করতে পারবেন না।
-
হিট উইকেট: বল খেলার পর ভারসাম্য হারিয়ে স্টাম্পে পড়লে আউট; ফিল্ডারের সঙ্গে ধাক্কা লাগলে নয়। ব্যাট সরাসরি স্টাম্পে লাগলে আউট, অন্য খেলোয়াড় স্পর্শ করলে নয়।
-
ওভারথ্রো vs মিসফিল্ড: স্টাম্প লক্ষ্য করে ছোড়া ওভারথ্রো; বল থামানোর চেষ্টা মিসফিল্ড।
-
ডেড বল: ফিল্ডারের হাতে বা মাঠে স্থির বল ডেড ঘোষণা করা যাবে, বোলার/কিপারের হাতে থাকা জরুরি নয়।
-
কিপারের গ্লাভস: বোলিং শুরুতে স্টাম্পের সামনে থাকতে পারবে, বল ছাড়ার সময় পেছনে নিতে হবে।
-
শর্ট রান: ইচ্ছাকৃত শর্ট রানে ৫ রান জরিমানা; পরের বলে স্ট্রাইকার ফিল্ডিং দল নির্ধারণ করবে।
এই পরিবর্তনগুলো ক্রিকেটকে আরও ন্যায়সঙ্গত, সাশ্রয়ী এবং উত্তেজনাপূর্ণ করবে বলে আশা করা হচ্ছে।





































