বিশ্বের অনেক দেশে আগামী ১৭ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সম্ভাবনা থাকলেও আন্তর্জাতিকভাবে স্বীকৃত চাঁদ দেখা–সংক্রান্ত মানদণ্ড ও জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ওই দিন আরব ও ইসলামি বিশ্বের কোনো অংশ থেকেই চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম।
খালিজ টাইমসের তথ্য অনুযায়ী, আবুধাবিভিত্তিক ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের (আইএসি) পরিচালক মুহাম্মদ শওকত ওদেহ জানিয়েছেন, ১৭ ফেব্রুয়ারি আরব ও ইসলামি বিশ্বের সব অঞ্চল থেকেই খালি চোখে, দুরবিন কিংবা আধুনিক জ্যোতির্বৈজ্ঞানিক ইমেজিং প্রযুক্তি ব্যবহার করেও পবিত্র রমজানের চাঁদ দেখা প্রায় অসম্ভব।
তার ব্যাখ্যায় তিনি বলেন, ওই দিন ইসলামি বিশ্বের পূর্বাঞ্চলে সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাবে, মধ্যাঞ্চলে সূর্যের সঙ্গে একই সময়ে এবং পশ্চিমাঞ্চলে সূর্যাস্তের কয়েক মিনিট পর চাঁদ অস্ত যাবে। এ সময় ব্যবধান এতটাই কম যে চাঁদ দৃশ্যমান হওয়ার মতো অবস্থায় পৌঁছাবে না।
জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতে চাঁদ সূর্যাস্তের এক মিনিট আগে অস্ত যাবে। রিয়াদে চাঁদ অস্ত যাবে সূর্যাস্তের ৪২ সেকেন্ড আগে। সৌদি আরবের তাবুক অঞ্চলে—যেখানে চাঁদ সবচেয়ে বেশি সময় অবস্থান করবে—চাঁদ সূর্যাস্তের ঠিক সময় অস্ত যাবে। সে সময় চাঁদের বয়স হবে মাত্র ১ ঘণ্টা ৪৯ মিনিট এবং সূর্যের সঙ্গে কোণীয় বিচ্ছিন্নতা হবে মাত্র এক ডিগ্রি।
মিসরের কায়রোতে চাঁদ সূর্যাস্তের দুই মিনিট পর এবং আলজেরিয়ায় ছয় মিনিট পর অস্ত যাবে। তবে এসব অবস্থান থেকেও ওই দিন চাঁদ দেখা যাবে না বলে নিশ্চিত করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা।
এ কারণে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও অধিকাংশ আরব দেশে ১৮ ফেব্রুয়ারি পবিত্র শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। যেসব দেশ সরাসরি চাঁদ দেখার ওপর নির্ভর করে রোজা শুরু করে, সেসব দেশেও একই হিসাব অনুসরণ করা হতে পারে।
মুহাম্মদ শওকত ওদেহ ১৭ ফেব্রুয়ারি চাঁদ দেখা নিয়ে সম্ভাব্য ভুয়া বা বিভ্রান্তিকর খবর ছড়ানো হতে পারে বলে সতর্ক করেছেন এবং এ বিষয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন।
অন্যদিকে বাংলাদেশ, পাকিস্তান, ইরান, মরক্কো, মৌরিতানিয়া এবং আফ্রিকার কিছু দেশে ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় পবিত্র রমজানের চাঁদ অনুসন্ধান করা হবে। আবহাওয়া ও স্থানীয় চাঁদ দেখা–সংক্রান্ত নীতির ওপর নির্ভর করে এসব দেশে পবিত্র রমজান ১৯ অথবা ২০ ফেব্রুয়ারি (শুক্রবার) শুরু হতে পারে।
সার্বিকভাবে জ্যোতির্বিজ্ঞানের তথ্য অনুযায়ী, আরব আমিরাত, সৌদি আরব ও আশপাশের অধিকাংশ দেশে ১৯ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনাই বেশি।



































