জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ তুলে দেওয়ার হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির আমির শফিকুর রহমান।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে শহরের সিংহজানী হাইস্কুল মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
জামায়াত আমির বলেন, নারীদের নিরাপত্তা তিন জায়গায় নিশ্চিত করা হবে- গৃহে, চলাচলে এবং কর্মস্থলে। যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ তুলে দেওয়া হবে। বাংলাদেশ হবে একটি ফুলের বাগান। এখানে ধর্ম, দল বা গায়ের রঙের ভিত্তিতে নয়, বরং যোগ্যতা ও দেশপ্রেমের ভিত্তিতে কাজ দেওয়া হবে।
শফিকুর রহমান বলেন, মায়েদের ওপর যারা হাত তুলছে বা কটূক্তি করছে, তাদের হুঁশিয়ার করে দিচ্ছি, আমরা এটা সহ্য করব না। মায়েরা সাহসের সঙ্গে ভোটকেন্দ্রে যাবেন, দেখবেন বিড়ালের মত দুর্বৃত্তরা পালিয়ে যাবে। একটি দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত এবং মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামালপুরের পাঁচটি আসনেই ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, এই নির্বাচনে দুইটা ভোট। প্রথম ভোট সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট। ‘হ্যাঁ’ মানে আজাদি, আর ‘না’ মানে গোলামি। যারা আবার আমাদের গলায় গোলামির জিঞ্জির পরাতে চায়, তারাই কেবল ‘না’ ভোটের কথা বলতে পারে। আমরা চাই, গণভোটের মাধ্যমে ১৮ কোটি মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হোক।
বক্তব্য শেষে জামায়াতের আমির শফিকুর রহমান জামালপুরের পাঁচটি আসনে প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের হাতে দাঁড়িপাল্লা তুলে দেন।
জামালপুর-৫ আসনের প্রার্থী ও দলের জেলা আমির মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং জামালপুর-৪ আসনের প্রার্থী ও জেলা সেক্রেটারি আব্দুল আউয়ালের সঞ্চালনায় আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য জামালপুর-১ আসনে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী, জামালপুর-৩ আসনের প্রার্থী মাওলানা মুজিবুর রহমান আজাদী এবং জামালপুর-২ আসনের প্রার্থী সামিউল হক ফারুকী।



































