বিনোদন ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর নামে তৈরি ভুয়া অ্যাকাউন্ট নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, এসব অ্যাকাউন্ট থেকে বিভ্রান্তিকর পোস্ট বা মন্তব্য করা হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মৌ স্পষ্ট করেছেন, ফেসবুকে তাঁর কেবল একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট রয়েছে, নাম ‘সাদিয়া ইসলাম’। ‘সাদিয়া ইসলাম মৌ’ নামে কোনো ফেসবুক আইডি বা ফ্যান পেজ নেই। ইনস্টাগ্রামসহ অন্য কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে তিনি সক্রিয় নন।
তিনি জানান, কিছু ভুয়া অ্যাকাউন্ট তাঁর নাম ও ছবি ব্যবহার করে নিয়মিত স্ট্যাটাস ও ছবি পোস্ট করছে। এমন কর্মকাণ্ডকে তিনি আইনত অপরাধ হিসেবে অভিহিত করেছেন। ভক্তদের সতর্ক করে তিনি বলেছেন, “আমার অনুমতি ছাড়া ছবি বা লেখা ব্যবহার করা দণ্ডনীয়। যারা এসব করছেন, তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”




































