বছরে খুব বেশি সিনেমা নয়, এই নীতি এখন মেনে চলছেন সিয়াম আহমেদ। যে কারণে সিনেমার প্রচারণা নিয়ে এখন খুবই সতর্ক এই ঢালিউড নায়ক। ভুলেও যেন নিজের লুক প্রকাশিত না হয়, সেই চেষ্টা করছেন। তবে এর মধ্যেই নিজেকে আড়াল করে নায়িকাকে সামনে এনেছেন সিয়াম। শ্রীলঙ্কা থেকেই প্রকাশ করলেন ‘রাক্ষস’ সিনেমার গানের দৃশ্যের একটি মুহূর্তের ছবি। সেটিই এখন সামাজিক যোগাযোগমাধ্যমের সিনেমা–সংশ্লিষ্ট গ্রুপগুলোতে আলোচনার জন্ম দিয়েছে। সিয়ামের সঙ্গে সিনেমার নায়িকা হিসেবে রয়েছেন টালিউড অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
সিনেমার বড় অংশের শুটিং হচ্ছে দেশের বাইরে। বর্তমানে শুটিং ইউনিট শ্রীলঙ্কায়। সেখান থেকেই এই ঢালিউড নায়ক সিয়াম প্রথম আলোকে জানালেন, দেশের দর্শক এবার নতুন গল্প ও উপস্থাপনা দেখবেন। যে কারণে কোনো ছাড় নয়, টানা শুটিং নিয়ে ব্যস্ততায় কাটছে দিন-রাত। সিয়াম বলেন, ‘আমরা আগে একটি লুক প্রকাশ করেছি। তবে আপাতত লুক প্রকাশ করছি না। এ নিয়ে প্রতিদিনই বিভিন্ন গ্রুপে ভক্তরা জানতে চান। সে কারণেই চমক হিসেবে নায়িকার লুকটি প্রকাশ করেছি। মূলত এটি গানের দৃশ্যের অংশ। সামনে প্রচারণায় চমক হিসেবে পোস্টার, ট্রেলার, টিজারে এসব লুক প্রকাশ পাবে।’
এর আগে ‘জংলি’ সিনেমায় ভিন্ন লুকে দেখা দেন সিয়াম। লুক প্রকাশের পর দর্শকদের মধ্যে এই ঢালিউড নায়ক আলোচিত হন। সেই ধারায় এবার প্রচারণায় আলাদা করে প্রকাশ করবেন সিনেমার একাধিক লুক।
তার আগে শুটিং নিয়েই মনোযোগ। ‘সিনেমার কত ভাগ কাজ শেষ হয়েছে?’ জানতে চাইলে সিয়াম বলেন, ‘আমাদের সিনেমার ৮০ শতাংশ কাজ ইতিমধ্যে শেষ। এর মধ্যে বেশ কিছু দৃশ্য আমরা চাইলে বাদ দিতে পারতাম। কিন্তু সবই করছি। কোনো ছাড় দিচ্ছি না। আমাদের শতভাগ দিয়ে চেষ্টা করছি দর্শকদের বৈচিত্র্যপূর্ণ কিছু দিতে। ভরসা আছে সেটা পারব।’
সিনেমাটি পবিত্র ঈদুল ফিতরেই মুক্তি পাবে। যে কারণে শুটিংয়ের পরপরই ফুটেজ পৌঁছে যাচ্ছে সম্পাদনার টেবিলে। এগিয়ে চলছে পোস্টের কাজ।
জানা যায়, এই শুটিং ইউনিট ৫ ফেব্রুয়ারি দেশে ফিরবে। দেশের অংশের শুটিং শেষ হবে ফেব্রুয়ারির মাঝামাঝি। তারপরই ঈদকে সামনে রেখে শুরু হবে প্রচারণার পর্ব।
গত বছরের শেষের দিকে ঢাকায় শুরু হয় সিনেমাটির শুটিং। পরে দেশের বাইরে চলে যায় টিম। সিনেমাটির পরিচালক মেহেদী হাসান। তিনি সিনেমার পটভূমি সম্পর্কে জানালেন, ‘রাক্ষস’ মূলত এক অন্ধকার জগতের গল্প, যেখানে থাকবে প্রচুর ভায়োলেন্স ও রাফ ন্যারেটিভ, যা দেশীয় সিনেমায় খুব একটা দেখা যায় না। সিনেমাটি প্রযোজনা করছে রিয়েল এনার্জি কমিউনিকেশন, এর আগে প্রতিষ্ঠানটি ব্লকবাস্টার সিনেমা ‘বরবাদ’ প্রযোজনা করেছিল।




































