ফেব্রুয়ারির শুরুতেই সংগীতপ্রেমীদের জন্য নতুন উপহার নিয়ে এসেছেন কণ্ঠশিল্পী কাজী শুভ। তার কণ্ঠে ‘মনের লাইনে আয়’ গানটি আজ ২ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে। আধুনিক সুর, চটুল কথা এবং ডান্স বিটে গানটি তৈরি করা হয়েছে তরুণ শ্রোতাদের কথা মাথায় রেখে।
গানটি লিখেছেন সুহৃদ সুফিয়ান, সুর ও সংগীতায়োজন করেছেন আদিব কবির। ভিডিও পরিচালনা করেছেন এইচ এম হাসনাইন। এতে আলিফ চৌধুরী ও মেঘা শ্রুতি অভিনয় করেছেন। গানটি মুক্তি পেয়েছে পি টিউন স্টুডিওর ব্যানারে।
গান নিয়ে কথা বলেন কাজী শুভ: “গানটা শুনলেই নাচের অনুভূতি চলে আসে। ডান্স মুডের চটুল কথা গাইতে ভীষণ ভালো লেগেছে। কথা আর সুরে আনন্দের আবেশ আছে, যা শ্রোতারা সহজেই অনুভব করবেন। বর্তমান শ্রোতারা প্রাণবন্ত ও ফ্রেশ গান চান—সেই ভাবনায় এটি তৈরি। বিশ্বাস করি, এটি সবাইকে নাচের আমেজে ভাসাবে।”



































