টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে যাত্রা শুরু করে মাত্র পাঁচ বছরে ড্যাফোডিল গ্রুপের পরিচালক পদে উন্নীত হয়েছেন সামিহা খান। তাঁর অসাধারণ পেশাদারিত্ব, কর্মদক্ষতা ও বহুমুখী অবদানের স্বীকৃতিস্বরূপ এই নিয়োগ ঘটেছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকার সোবহানবাগে ড্যাফোডিল প্লাজায় আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে নিয়োগ ঘোষণা করা হয়। ড্যাফোডিল গ্রুপের সিইও ডক্টর মুহাম্মদ নুরুজ্জামান তাঁর হাতে পরিচালক পদের নিয়োগপত্র তুলে দেন। DIU উপাচার্য ডক্টর এম.আর কবির নেতৃত্ব ও প্রতিষ্ঠান গঠনে অবদানের জন্য দুটি প্রশংসাপত্র প্রদান করেন।
২০২১ সালে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় ড্যাফোডিলে যোগ দেন। গত পাঁচ বছরে ফিউচার ডিআইইউ, ব্র্যান্ডিং, ক্যারিয়ার সেন্টার, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এইচআরডিআইসহ বিভিন্ন বিভাগে সফলতার সঙ্গে কাজ করেন। তাঁর নেতৃত্বে প্রবর্তিত ‘স্ট্রাকচার্ড এইচআর সফটওয়্যার’ এখন গ্রুপের স্বচ্ছ মূল্যায়ন ব্যবস্থার ভিত্তি।
১ ফেব্রুয়ারি থেকে তিনি গ্রুপের পরিচালক এবং ড্যাফোডিল কম্পিউটারস পিএলসি-এর পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি DIU বোর্ড অব ট্রাস্টিজের সদস্যও।
ড্যাফোডিলে যোগ দেওয়ার আগে তাঁর কর্মজীবন ছিল বৈচিত্র্যময়। ২০১৪ সালে ঢাকা ট্রিবিউনে ইন্টার্ন হিসেবে কাজ করেন। ২০১৬ সালে ইউনূস সেন্টারে সামাজিক উন্নয়ন ইন্টার্নশিপ করেন। ২০১৭ সালে সিটিজেনস ইউকে-তে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ছিলেন। ২০১৯ সালে মিডলসেক্স ইউনিভার্সিটিতে কোর্স অ্যাম্বাসেডর এবং ২০২০ সালে কীন ইউসিএল-এ মার্কেটিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। একইসঙ্গে ইয়ুথ পলিসি ফোরামের অধীনে পরিবেশ নীতি নেটওয়ার্কে কো-অর্ডিনেটর ও লিড ছিলেন।
শিক্ষাগত যোগ্যতায় মিডলসেক্স ইউনিভার্সিটি থেকে স্নাতক এবং UCL থেকে স্নাতকোত্তর। ড্যাফোডিল বলছে, এটি তাদের মেধাভিত্তিক সাকসেশন প্ল্যানের ফল। অনুষ্ঠানে গ্রুপ ও ইউনির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








































