নাটকের কথা বলে সিনেমা মুক্তি, প্রতারিত দাবি নায়ক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০২:৩৭ পিএম
নাটকের কথা বলে সিনেমা মুক্তি, প্রতারিত দাবি নায়ক

ইউটিউবের জন্য নির্মিত একটি ধারাবাহিকে অভিনয় করেছিলেন অভিনেতা শিপন মিত্র। তবে সম্প্রতি তিনি জানতে পারেন, সেই কনটেন্টটিই সিনেমা হিসেবে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। বিষয়টি জানার পর ক্ষোভ প্রকাশ করে তিনি নিজেকে প্রতারণার শিকার বলে দাবি করেন।

শিপনের ভাষ্য, প্রায় তিন বছর আগে একটি রোমান্টিক-কমেডি ধারাবাহিকের প্রস্তাব পেয়ে তিনি কাজটিতে যুক্ত হন এবং মাত্র পাঁচ দিনে শুটিং শেষ হয়। এরপর দীর্ঘ সময় কোনো অগ্রগতি না জানলেও নির্বাচনের আগের দিন তিনি জানতে পারেন, কাজটি ভালোবাসা দিবস উপলক্ষে সিনেমা হিসেবে মুক্তি পাচ্ছে।

‘বরিশাইল্ল্যা পরী’ নামের কনটেন্টটি গত ১৩ ফেব্রুয়ারি দেশের ১০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। অভিমান থেকেই এর প্রচারণায় অংশ নেননি বলে জানান শিপন।

এ বিষয়ে নির্মাতা সালমান জসিম দাবি করেন, শুরু থেকেই এটি সিনেমা হিসেবে নির্মাণ করা হয়েছে। তার মতে, এতে একাধিক গান ও অ্যাকশন দৃশ্য রয়েছে, যা সাধারণ নাটকে সচরাচর দেখা যায় না।

তবে শিপনের দাবি ভিন্ন। তার অভিযোগ, নাটকের জন্য নতুন কিছু করার কথা বলে গান ও অ্যাকশন দৃশ্য যুক্ত করা হয়েছিল। পরে সেটিকেই সিনেমা হিসেবে মুক্তি দেওয়া হয়, যা তার সঙ্গে প্রতারণার শামিল।

অন্যদিকে প্রযোজক শফিকুল ইসলাম জানান, কাজটি প্রথমে টেলিফিল্ম হিসেবে শুরু হলেও পরে সিনেমা হিসেবে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয় এবং বিষয়টি নায়ককে জানানো হয়েছিল।

Link copied!