ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ইঙ্গিত দিলেন, ২০২৬ সালের শেষে ক্যারিয়ারে ইতি টানতে পারেন তিনি। ব্রাজিলের ইউটিউব চ্যানেল 'ক্যাজেটিভি'কে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড স্পষ্ট ভাষায় বললেন, 'আগামীতে কী হবে, আমি জানি না। ডিসেম্বর আসলে হয়তো অবসর নেওয়ার সিদ্ধান্ত নিতে পারি। এখন বছর ধরে এগোচ্ছি।'
বিশ্বকাপই এখন মূল লক্ষ্য
সান্তোসে ফিরে আসার পর থেকে নেইমার তার ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বপ্ন পূরণে মনোযোগ দিয়েছেন—এই গ্রীষ্মে উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে মাঠে নামা। তিনি বলেন, 'সবকিছু নির্ভর করবে আমার মনের ওপর। এই বছরটি সান্তোস, ব্রাজিল জাতীয় দল এবং আমার নিজের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি চাই এই মৌসুমে শতভাগ ফিট থেকে খেলতে।' ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি এখনো দলে তার জায়গা নিশ্চিত না করলেও নেইমার ছাড়ছেন না নিজের স্বপ্ন।
চোটের দীর্ঘ লড়াই পেরিয়ে মাঠে ফেরা
সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক চোটে জর্জরিত হয়েছেন নেইমার। গত ডিসেম্বরে হাঁটুতে ছোট অস্ত্রোপচারও করতে হয়েছিল তাকে। তবে চোট কাটিয়ে দ্রুত ফিরে তিনি এরই মধ্যে মাঠে সক্রিয়—গত রোববার ভেলো ক্লুবেটোর বিপক্ষে ৬-০ গোলের জয়ে বদলি হিসেবে নেমে দলকে ক্যাম্পেওনাতো পাউলিস্তার কোয়ার্টার ফাইনালে তুলতে সাহায্য করেছেন।
সান্তোস থেকে বিশ্বকাপ, তারপর বিদায়?
ইউরোপ ও এশিয়া ঘুরে এই মাসেই ৩৪ বছরে পা দেওয়া নেইমার গত বছর সৌদি আরবের আল হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন এবং সদ্য চুক্তি নবায়ন করেছেন ২০২৬ সালের শেষ পর্যন্ত। বার্সেলোনা ও পিএসজির সাবেক এই তারকা ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা—১২৮ ম্যাচে তার গোলসংখ্যা ৭৯টি। এর আগে তিনি তিনটি বিশ্বকাপে ব্রাজিলের প্রতিনিধিত্ব করেছেন।







































