রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকে হারুন কিসিঞ্জারের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়েছে। তবে জানা গেছে, অভিনেতা বেঁচে আছেন।
বর্তমানে তিনি নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত সমস্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। গত কয়েক দিনের তুলনায় এখন তার শারীরিক অবস্থা অনেকটা ভালো, এমন তথ্য নিশ্চিত করেছেন কৌতুক অভিনেতা চিকন আলী। তিনি বলেন, “ওস্তাদ হারুন কিসিঞ্জার আগের তুলনায় অনেক সুস্থ আছেন। কোনো ভুয়া খবর বা গুজবে কান দেবেন না। তার পরিবারের সঙ্গে সব সময় যোগাযোগ রয়েছে।”
হারুন কিসিঞ্জার দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত জটিলতায় ভুগছিলেন। অবস্থা খারাপ হলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় এবং এরপর থেকে তিনি সেখানে চিকিৎসা নিচ্ছেন। আশা করা যাচ্ছে, কয়েক দিনের মধ্যে তিনি বাসায় ফিরতে পারবেন।
নব্বইয়ের দশকে ছোট পর্দার ম্যাগাজিন অনুষ্ঠান ও টেলিভিশন নাটকে স্বতন্ত্র কৌতুকাভিনয়ের মাধ্যমে দর্শকের মনে নিজের ছাপ রেখেছেন হারুন কিসিঞ্জার। যদিও দীর্ঘদিন ধরে পর্দায় অনিয়মিত থাকেন, তার হাস্যরসাত্মক সংলাপ ও স্বতঃস্ফূর্ত অভিনয় এখনও দর্শকদের মনে উজ্জ্বলভাবে জীবন্ত।






































