প্রায় দুই দশকের অপেক্ষার পর ভারতের মঞ্চে ফিরছেন বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরা। 'ফিডিং ইন্ডিয়া কনসার্ট ২০২৬'-এর তৃতীয় সংস্করণে তিনি আগামী ১০ এপ্রিল মুম্বাই এবং ১৫ এপ্রিল দিল্লিতে মঞ্চ মাতাবেন। এটিই প্রথমবার এই কনসার্ট একসঙ্গে দুটি শহরে অনুষ্ঠিত হচ্ছে।
কোথায় হবে অনুষ্ঠান
-
মুম্বাই: ১০ এপ্রিল ২০২৬ — মহালক্ষ্মী রেসকোর্স
-
দিল্লি: ১৫ এপ্রিল ২০২৬ — জওহরলাল নেহরু স্টেডিয়াম
ফিডিং ইন্ডিয়া ও ডিসট্রিক্ট বাই জোমাটো যৌথভাবে কনসার্টটি আয়োজন করছে এবং উপস্থাপন করছে এইচএসবিসি ইন্ডিয়া।
সংগীতের বাইরেও বড় বার্তা
কনসার্ট প্রসঙ্গে শাকিরা বলেছেন, 'ভারতে পারফর্ম করা সবসময়ই আমার জন্য বিশেষ। মুম্বাই ও দিল্লির ভক্তদের সঙ্গে আবারও যুক্ত হতে পেরে আমি রোমাঞ্চিত। এই কনসার্ট শুধু সংগীত নয়; এটি একসঙ্গে দাঁড়িয়ে নিশ্চিত করা যে প্রতিটি শিশু বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় পুষ্টি পায়।' 'হিপস ডোন্ট লাই', 'হোয়েনেভার হোয়েরেভার' ও 'ওয়াকা ওয়াকা'র মতো বৈশ্বিক হিট গানের পাশাপাশি শাকিরা তার 'বেয়ারফুট ফাউন্ডেশন'-এর মাধ্যমে দীর্ঘদিন ধরে শিক্ষা ও শিশু কল্যাণে কাজ করে আসছেন—যা ফিডিং ইন্ডিয়ার লক্ষ্যের সঙ্গে হুবহু মিলে যায়।
টিকিট কীভাবে পাবেন
ডিসট্রিক্ট অ্যাপের মাধ্যমে ২৭ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে ১ মার্চ দুপুর ১২টা পর্যন্ত ৪৮ ঘণ্টার জন্য অ্যাপ ব্যবহারকারীদের এক্সক্লুসিভ অ্যাক্সেস থাকবে। সাধারণ টিকিট বিক্রি শুরু হবে ১ মার্চ বিকাল ১টায়। যারা চান তারা 'বাই নাউ পে লেটার' সুবিধায় এখনই ৫০ শতাংশ পরিশোধ করে বাকি টাকা ২০ মার্চের মধ্যে দিতে পারবেন।
উল্লেখ্য, ২০০৭ সালে 'ওরাল ফিক্সেশন' ট্যুরের অংশ হিসেবে মুম্বাইয়ে সর্বশেষ পারফর্ম করেছিলেন শাকিরা।




































