রোজা না রাখার অভিযোগে ২ নারীসহ ৯ জন গ্রেফতার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৩:০৭ পিএম
রোজা না রাখার অভিযোগে ২ নারীসহ ৯ জন গ্রেফতার

নাইজেরিয়ার উত্তরাঞ্চলের কানো রাজ্যে রমজানের প্রথম দিন খাবার খাওয়ার অভিযোগে ৯ জন মুসলিমকে গ্রেফতার করেছে ইসলামিক পুলিশ হিসবা। বুধবার এ অভিযান চালানো হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই অঞ্চলে ধর্মনিরপেক্ষ আইনের পাশাপাশি শরিয়াহ আইন কার্যকর রয়েছে। প্রতি বছর রমজান মাসে হিসবা ক্যাফে, রেস্তোরাঁ ও বাজারে অভিযান চালিয়ে মুসলমানরা রোজা পালন করছেন কি না তা তদারকি করে। তবে খ্রিস্টান অধ্যুষিত এলাকায় কিছু প্রতিষ্ঠান খোলা থাকে।

হিসবার ডেপুটি কমান্ডার জেনারেল মুজাহিদ আমিনুদ্দিন জানান, গ্রেফতার হওয়া সাত পুরুষ ও দুই নারী দাবি করেছেন তারা রমজান শুরু হওয়ার বিষয়টি জানতেন না। তিনি বলেন, আটক ব্যক্তিদের ধর্মীয় বিধান সম্পর্কে সচেতন করা হবে। বিষয়টি তিনি BBC-কে নিশ্চিত করেন।

আটকদের মুক্তির সময় এখনো নির্ধারিত হয়নি। অতীতে এ ধরনের ঘটনায় পরিবারের সঙ্গে যোগাযোগ করে রমজানের বাকি দিনগুলোতে রোজা পালনের বিষয়ে নিশ্চয়তা নেওয়ার নজির রয়েছে।

ইসলামের পাঁচটি মূল স্তম্ভের একটি হলো রোজা। রমজান মাসে মুসলমানরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন। নাইজেরিয়া-তে চলতি বছর রমজান শুরু হয়েছে ১৮ ফেব্রুয়ারি, যা ২৯ বা ৩০ দিন স্থায়ী হতে পারে।

উল্লেখ্য, দেশটির উত্তরাঞ্চলের ১২টি রাজ্যে প্রায় দুই দশক ধরে শরিয়াহ আইন কার্যকর রয়েছে এবং রমজানে হিসবার এ ধরনের অভিযান নিয়মিত ঘটনা।

Link copied!