কুষ্টিয়ায় অটোরিকশা-ট্রাক সংঘর্ষে নিহত ৫


কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৪:২২ পিএম
কুষ্টিয়ায় অটোরিকশা-ট্রাক সংঘর্ষে নিহত ৫

কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অটোরিকশার চালক এবং চারজন যাত্রী রয়েছেন; তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি শহরের কবুরহাট থেকে বাইপাস হয়ে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি অটোরিকশার সঙ্গে ধাক্কা খায়, যাতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়; গুরুতর আহত বাকি দুজনকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে তারাও মারা যান।

 

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন। কুষ্টিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক জয়দেব জানান, দুর্ঘটনাকবলিত উভয় যানবাহন আটক করা হয়েছে, তবে ট্রাকচালক ঘটনাস্থল ছেড়ে পালিয়ে গেছেন এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য বাইপাস সড়কে যান চলাচল বিঘ্নিত হলেও পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।

Link copied!