টেলিভিশন ও অভিনয়শিল্পী তানিয়া বৃষ্টি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় জানানো হয়, তিনি বর্তমানে শারীরিকভাবে দুর্বল অবস্থায় রয়েছেন এবং সম্পূর্ণ বিশ্রাম ও চিকিৎসার প্রয়োজন। এ সময় শুটিং বা কাজ–সংক্রান্ত ফোনকল ও বার্তা না দেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।
শনিবার দেওয়া আরেক পোস্টে তানিয়া বৃষ্টি ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে লেখেন, পরিবারের পক্ষ থেকে পাওয়া ফুলের কথা উল্লেখ করে তিনি জানান, পরদিন তাঁর মাথায় অস্ত্রোপচার নির্ধারিত রয়েছে। সবার কাছে দোয়া চেয়ে তিনি জানান, তাঁর ব্রেন টিউমার ধরা পড়েছে।
অভিনেত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে তিনি তীব্র মাথাব্যথা ও জ্বর–ঠান্ডাজনিত সমস্যায় ভুগছিলেন। শুরুতে বিষয়টি তেমন গুরুত্ব না পেলেও শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়। প্রয়োজনীয় পরীক্ষা–নিরীক্ষার পর ব্রেন টিউমার শনাক্ত হলে তাঁকে ঢাকার আরেকটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয় এবং বিকেলে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।
তানিয়া বৃষ্টির অসুস্থতার খবর প্রকাশের পর সহকর্মী ও ভক্তরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন।







































