ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ৯০ বছর বয়সী সেলিম খানকে হাসপাতালে ভর্তি করা হয়। বাবার খোঁজ নিতে সালমান খান দ্রুত হাসপাতালে পৌঁছান। পরে হাসপাতাল থেকে বের হওয়ার সময় পাপারাজিদের ক্যামেরায় ধরা পড়েন তিনি।
এখনও পর্যন্ত সেলিম খানের অসুস্থতা সম্পর্কে খান পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। চিকিৎসকরাও কোনো তথ্য প্রকাশ না করায় বলিউড মহল ও সালমানের ভক্তদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
আরও পড়ুন: কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জারের মৃত্যুর গুজব
শোনা যাচ্ছে, সালমান ছাড়াও পরিবারের আরও কয়েকজন সদস্য সেলিম খানের সঙ্গে হাসপাতালে রয়েছেন এবং তার দেখভালের দায়িত্ব পালন করছেন।
জানা গেছে, সেলিম খান কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। রুটিন চেকআপের জন্য হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকের পরামর্শেই তাকে ভর্তি করা হয়।
উল্লেখ্য, বলিউডের স্বর্ণযুগের অন্যতম সফল চিত্রনাট্যকার সেলিম খান। জাভেদ আখতারের সঙ্গে তার জনপ্রিয় জুটি উপহার দিয়েছে শোলে, জঞ্জির, দিওয়ার, সীতা অর গীতা, ডনসহ বহু কালজয়ী চলচ্চিত্র, যা বলিউড ইতিহাসে আজও মাইলফলক।





































