শুটিং সেটে কে বেশি গম্ভীর?

দেব ও শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন জ্যোতির্ময়ী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১২:৫৯ এএম
দেব ও শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন জ্যোতির্ময়ী

বড়পর্দায় অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুর যাত্রা শুরু হয়েছিল অভিনেতা ও প্রযোজক দেবের বিপরীতে। ধারাবাহিক দিয়ে দর্শকের নজর কাড়ার পর ধীরে ধীরে ছবির জগতে নিজের জায়গা করে নিচ্ছেন তিনি। বর্ধমানের মেয়ে হয়ে কলকাতার ইন্ডাস্ট্রিতে জমি শক্ত করা সহজ ছিল না—সে কথাও অকপটে স্বীকার করেন অভিনেত্রী।

এবার ওপার বাংলার সুপারস্টার শাকিব খানের সঙ্গে কাজের সুযোগ এসেছে তাঁর জীবনে। আসন্ন ছবি ‘প্রিন্স’–এ শাকিবের বিপরীতে দেখা যাবে জ্যোতির্ময়ীকে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—দেব ও শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতায় কোনো পার্থক্য কি দেখেছেন তিনি?

এ প্রসঙ্গে জ্যোতির্ময়ীর স্পষ্ট বক্তব্য, খুব বড় কোনো পার্থক্য নেই। তাঁর কথায়, দু’জনেই মাটির মানুষ এবং ভীষণ পরিশ্রমী। দু’জনেই সহ-অভিনেতাদের জন্য কাজের পরিবেশ সহজ করে দিতে জানেন।

শুটিং সেটের অভিজ্ঞতা নিয়ে অভিনেত্রী বলেন,
“দেবদা সেটে এলে বোঝা যায়। খুব মজা করেন, নতুনদের জন্য পরিবেশটা হালকা করে দেন। শাকিব খান আবার বেশ ধীরস্থির, শান্ত স্বভাবের। এমন নয় যে কথা বলেন না—সময় পেলেই মজার কথাও বলেন। তবে আমি বুঝেছি, উনি আসলে শট দেওয়ার জন্য নিজের সব এনার্জি জমিয়ে রাখেন।”

দুই সুপারস্টারের সঙ্গে কাজ করে আলাদা আলাদা অভিজ্ঞতা হলেও, পেশাদারিত্ব ও মানবিকতার জায়গায় দু’জনকেই একই সারিতে রাখছেন জ্যোতির্ময়ী।

Link copied!