পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি সবাইকে রমজানের পবিত্রতা রক্ষা এবং ইবাদতে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন।
রবিবার দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, রমজান মাস হলো আত্মসংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। এ সময় সিয়াম, দান-সদকা ও ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনের পাশাপাশি পারস্পরিক সহমর্মিতা ও সমাজে সম্প্রীতি বৃদ্ধি করা যায়। তিনি বলেন, এই মাস মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন, নৈকট্য লাভ এবং ক্ষমা প্রাপ্তির সুযোগও প্রদান করে।
ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, রমজান মাস ব্যক্তি ও জাতির জীবনে ন্যায় ও কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রেরণা যোগায়। সত্যনিষ্ঠা, ন্যায়পরায়ণতা, সততা এবং সহমর্মিতা চর্চার মাধ্যমে নৈতিকতা ও মানবিকতার শিক্ষা পাওয়া যায় এবং দরিদ্র ও বঞ্চিতদের প্রতি দায়িত্ববোধ জাগ্রত হয়।
তিনি দেশবাসীকে আহ্বান জানিয়েছেন, আসুন আমরা রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে ভোগ-বিলাস, হিংসা ও বিদ্বেষ পরিহার করি, বেশি বেশি ইবাদত, কোরআন তেলাওয়াত, দোয়া, তওবা এবং সৎকর্মে মনোনিবেশ করি এবং মাহে রমজানের পবিত্রতা রক্ষা করি।
প্রধান উপদেষ্টা প্রার্থনা করেছেন, মহান আল্লাহ আমাদের রোজা, নামাজ, দান-সদকা ও সকল নেক আমল কবুল করুন এবং দেশ ও জাতিকে শান্তি ও সমৃদ্ধি দান করুন।






























