টি-টুয়েন্টি বিশ্বকাপে সবার আগে  সুপার এইটে দক্ষিণ আফ্রিকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১২:১৩ এএম
টি-টুয়েন্টি বিশ্বকাপে সবার আগে  সুপার এইটে দক্ষিণ আফ্রিকা

জেতার জন্য দরকার ছিল ১৭৬ রান। দক্ষিণ আফ্রিকা কি না ৪ ওভারেই তুলে ফেলল ৬২ রান। জয়টা তখনই তাদের হাতের মুঠোয় চলে এসেছিল। ১৭ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় পায় তারা। আহমেদাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে এই জয়ে তিন ম্যাচের সবগুলোতে জিতে টি-টুয়েন্টি বিশ্বকাপে প্রথম দল হিসেবে সুপার এইটেও পৌঁছে গেছে দক্ষিণ আফ্রিকা।

ঝোড়ো শুরুর পর দক্ষিণ আফ্রিকার রান তাড়াটা আর কঠিন হওয়ার কথা ছিল না এমনিতে। ১৩ বলে ২০ রান করে কুইন্টন ডি কক আউট হলে পঞ্চম ওভারেই অবশ্য তাদের উদ্বোধনী জুটিটা থেমে যায়।
তবে ৪৪ বলে ৮ চার ও ৪ ছক্কায় আরেক ওপেনার অধিনায়ক এইডেন মার্করাম প্রোটিয়াদের জয়ে এনে দিয়েই ফিরেছেন ড্রেসিংরুমে।  মাত্র ১৯ বলে ফিফটি করেছেন মার্করাম।

দ্রুততম ফিফটির কয়েকটি রেকর্ডও করেছেন নিজের নামে। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে কুইন্টন ডি ককের ২১ বলের ফিফটি ছাড়িয়ে এখন টি-টুয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার দ্রুততম পঞ্চাশের রেকর্ডটা তাঁরই।

মার্করামের ঝড়ে ভর করে ৭.৩ ওভারেই দলীয় ১০০–ও করে দক্ষিণ আফ্রিকা। টি-টুয়েন্টি বিশ্বকাপে তৃতীয় দ্রুততম দলীয় ১০০ করার রেকর্ড। এরপর আর কাজটা কঠিন হয়নি দক্ষিণ আফ্রিকার জন্য।

শুরুতে ব্যাট করা নিউজিল্যান্ডের রানটা এক সময় ২০০ ছাড়িয়ে যাবে বলেই মনে হচ্ছিল। পাওয়ার প্লের ৬ ওভারে ৮৩ রান তুলে ফেলে তারা। ততক্ষণে যদিও ৩ উইকেট হারিয়ে ফেলেছিল।

১৪ ওভারে তাদের রান ছিল ১৩৮। তবে হুট করেই ৭ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। পরে আর বেশি দূর যেতে পারেনি। ৬ চার ও ২ ছক্কায় ২৬ বলে সর্বোচ্চ ৪৮ রান করেন মার্ক চাপম্যান। দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন নেন ৪ উইকেট।
 

Link copied!