ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকার দুটি গুরুত্বপূর্ণ আসনে দুই আলোচিত প্রার্থী নিজেদের প্রতীকে ভোট দিতে পারবেন না। কারণ—তারা যে আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেই আসনের ভোটার নন।
এই ব্যতিক্রমী পরিস্থিতির মুখোমুখি হয়েছেন ঢাকা–৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা এবং ঢাকা–১৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ববি হাজ্জাজ।
ঢাকা–১৩ আসনে লড়লেও ভোট দেবেন ঢাকা–১৭–তে ববি হাজ্জাজ
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন ঢাকা–১৩ আসনে। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট–সমর্থিত প্রার্থী মাওলানা মামুনুল হক।
তবে ববি হাজ্জাজ ঢাকার ১৭ নম্বর আসনের ভোটার। ইসির তথ্য অনুযায়ী, তার কেন্দ্র বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ৩ নম্বর কেন্দ্র, ভোটার ক্রমিক ৬৭৮২।
নির্বাচনী আইন অনুযায়ী, প্রার্থী যেকোনো আসন থেকে লড়লেও ভোট দিতে পারবেন কেবল নিজের নিবন্ধিত আসনে। এ ঘটনায় ঢাকা–১৩–এর ভোটারদের মধ্যে কৌতূহল ও আলোচনা চলছে।
ঢাকা–৯ এ প্রতিদ্বন্দ্বিতা করলেও তাসনিম জারার ভোট ঢাকা–১১–এ
ঢাকা–৯ আসনে বিএনপি প্রার্থী হাবিবুর রশীদ হাবিবের বিপরীতে জোর আলোচনায় রয়েছেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। প্রচারণায় নিজেকে এই আসনের ‘ঘরের মেয়ে’ দাবি করলেও তিনি ঢাকা–১১ আসনের ভোটার।
ইসির ওয়েবসাইট ও ভোটার স্লিপ অ্যাপ অনুযায়ী তার ভোটকেন্দ্র প্রাইম স্কুল অ্যান্ড কলেজ (খিলগাঁও বি-জোন পূর্ব)—কেন্দ্র নম্বর ৮০।
তাসনিম জারার বর্তমান ঠিকানা পরীবাগ; আগে গুলশানে থাকতেন। এ বিষয়ে তার বক্তব্য জানার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি; তার প্রচার টিম থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।






























