এ সময়ের আলোচিত মডেল অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। রাজনৈতিক সচেতন মানুষ হিসেবেও তার পরিচিতি আছে। দেশের পক্ষে সব সময়ই সরব তিনি। জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া তারকাদের একজন ছিলেন এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি নিয়মিত নানা বিষয়ে ব্লগও করে থাকেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও সোশ্যাল মিডিয়ায় নিজের পছন্দ ও ভালোলাগার কথা প্রকাশ করেছেন তিনি। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেছেন চমক। নির্বাচনে বিএনপির বিজয়ে তারেক রহমানের ছবি শেয়ার করে অভিনন্দনের বার্তাও দিয়েছেন এই অভিনেত্রী।
নির্বাচনের ফলাফলের পর সরকার গঠনের অপেক্ষায় থাকা দল এবং বিরোধী দলের কাছে নিজের প্রত্যাশার কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানান দিয়েছেন রুকাইয়া জাহান চমক।
এক ফেসবুক স্ট্যাটাসে এই অভিনেত্রী লেখেন, ৫ আগস্টের পর অনেকেই ভাবছিল, একদল একচ্ছত্র ক্ষমতায় যাবে। কিন্তু রাজনীতি কখনো এত সরলরেখায় চলে না। দেড় বছরে খেল পাল্টে গেছে। হয়তো সামনে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন, সবচেয়ে শক্তিশালী বিরোধী দল আমরা দেখতে যাচ্ছি। তবে গণতন্ত্রের সৌন্দর্য এখানেই, ক্ষমতা আর প্রতিপক্ষ, দুটোই শক্ত হলে তবেই ভারসাম্য আসে। এখন প্রয়োজন ঠাণ্ডা মাথা। অ্যাক্টিভিস্টদের শোরগোলের বাইরে গিয়ে, দুই দলই যেন আগামী সংসদের জন্য প্রস্তুত হয়।
কারণ শেষ পর্যন্ত, জয়–পরাজয় না, গণতন্ত্র টিকে থাকাটাই সবচেয়ে বড় কথা। দেশ ও দেশের মানুষের কল্যাণে দুই দলই একসঙ্গে কাজ করুক, সেই প্রত্যাশা।
Long live Bangladesh, long live Democracy!
ফুটনোট দিয়ে এই অভিনেত্রী লেখেন, অগ্নিকন্যা রুমিন ফারহানাকে অভিনন্দন। যারা নারী ক্ষমতায় বিশ্বাস করে না, তাদের জন্য তিনি উদাহরণ হয়ে থাকবেন।
তাসনিম জারার জন্য খারাপ লাগছে। তিনি জিতলে ভালো লাগতো। ভালো হতো। কেউ যদি অনিয়ম অন্যায় করে থাকে, তার যথাযথ বিচার সৃষ্টিকর্তা করবেন, ভরসা রাখুন।








































