সংসদ নির্বাচন: প্রচারণা সমাপ্ত, ভোটের প্রহর গণনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১২:০৮ পিএম
সংসদ নির্বাচন: প্রচারণা সমাপ্ত, ভোটের প্রহর গণনা

জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দুই দিন আগে আনুষ্ঠানিক প্রচারণা সমাপ্ত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে কোনো প্রার্থী বা তার পক্ষের কেউ প্রচারণা কার্যক্রম পরিচালনা করতে পারবেন না। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, এই সময়ে কেউ প্রচারণা চালানোর প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা রয়েছে তাদের।

আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত টানা নয় ঘণ্টা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ৩০০ আসনের মধ্যে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত করায় ২৯৯টি আসনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নিষেধাজ্ঞার বিস্তারিত
ভোটের আগে-পরে ৯৬ ঘণ্টা সারাদেশে জনসভা আয়োজন বা অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করেছে ইসি। মঙ্গলবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে ১৪ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। ভোট গ্রহণ শুরু থেকে পরবর্তী ৮১ ঘণ্টা (১০ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে ১৩ ফেব্রুয়ারি বিকাল ৪টা ৩০ মিনিট) নির্বাচনী এলাকার বাসিন্দা ও অনুমোদিত ব্যক্তি ছাড়া বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ থাকবে।

মোটরসাইকেল চলাচলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা আজ মঙ্গলবার মধ্যরাত থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে। এছাড়া বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত ট্যাক্সি, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। তবে আইনশৃঙ্খলা বাহিনী, জরুরি সেবা, স্বাস্থ্য খাত ও অনুমোদিত সাংবাদিক-পর্যবেক্ষকদের যানবাহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

নির্বাচনী প্রস্তুতি
প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের তপশিল ঘোষণা করেছিলেন। গত ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর ২২ জানুয়ারি থেকে ১৯ দিনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়।

ইসির নিবন্ধিত ৬০টি রাজনৈতিক দলের মধ্যে ৫০টি এবারের নির্বাচনে অংশ নিচ্ছে। মোট প্রার্থী সংখ্যা ২,০২৯ জন (শেরপুর-৩ বাদে), যার মধ্যে দলীয় ১,৭৬৮ জন এবং স্বতন্ত্র ২৭৬ জন। ভোটার রয়েছেন ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫ জন—যার মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ, নারী ৬ কোটি ২৮ লাখ এবং তৃতীয় লিঙ্গের ১,১২০ জন।

প্রথমবার আইটি সাপোর্টেড পোস্টাল ভোট
এবারই প্রথমবার আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণের ব্যবস্থা করেছে ইসি। বিশ্বের ১২২টি দেশের প্রবাসী বাংলাদেশি, দেশের অভ্যন্তরে ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং কারাবন্দিরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন নিবন্ধনের মধ্যে ইতোমধ্যে ৯ লাখ ৮০ হাজার ৮৪৯ জন ভোট প্রদান করেছেন।

নির্বাচনী অবকাঠামো
এবারের নির্বাচনে ভোটকেন্দ্র রয়েছে ৪২ হাজার ৭৭৯টি এবং ভোটকক্ষ (বুথ) ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি। গড়ে প্রতি তিন হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। নির্বাচন পরিচালনায় ৬৯ জন রিটার্নিং কর্মকর্তাসহ ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

৮১টি দেশি নিবন্ধিত সংস্থার ৫৫ হাজার ৪৫৪ জন এবং প্রায় ৫০০ জন বিদেশি পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

উৎসবমুখর প্রচারণা
গত ১৯ দিনের প্রচারণায় দেশজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করেছিল। প্রার্থীরা গণসংযোগ, মিছিল, সভা-সমাবেশ ও জনসভার মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছেছেন। তবে পোস্টারহীন প্রচারণার কারণে ঐতিহ্যবাহী নির্বাচনী আমেজে কিছুটা ভাটা দেখা গেলেও বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন সেই ঘাটতি কিছুটা পূরণ করেছে।

বিএনপি জোট এবং জামায়াতে ইসলামী জোটের প্রচারণা ছিল বিশেষভাবে সক্রিয়। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ২১ জেলায় ৪৪টি জনসভা ও পথসভায় এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ৫৫ জেলার শতাধিক সভায় অংশ নিয়েছেন।

আচরণবিধি লঙ্ঘনের ঘটনা
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনাও কম ঘটেনি। ৮ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ৪৬১টি আচরণবিধি লঙ্ঘনের ঘটনা চিহ্নিত হয়েছে। এর মধ্যে ২৫৯টি ঘটনায় মামলা দায়ের এবং ৩২ লাখ ১৫ হাজার ৯৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলনসহ প্রায় সব দলের বিরুদ্ধেই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

সংঘাত-সহিংসতার চিত্র
তপশিল ঘোষণার পর থেকে সারাদেশে ২৭৪টি সহিংসতার ঘটনা ঘটেছে। সরকারি হিসাবে পাঁচজন এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) তথ্যমতে ১৫ জনের মৃত্যু হয়েছে নির্বাচনী সহিংসতায়।

ইসি সতর্ক করে জানিয়েছে, ৯৬ ঘণ্টার নিষেধাজ্ঞা লঙ্ঘন করে কেউ জনসভা বা মিছিলে অংশ নিলে তিনি ২ থেকে ৭ বছর সশ্রম কারাদণ্ডসহ অর্থদণ্ডে দণ্ডিত হবেন।

Link copied!