নিজেদের দাবি অটল রেখে টি-টুয়েন্টি বিশ্বকাপে না খেললেও বাংলাদেশকে কোনো ধরনের শাস্তি বা জরিমানা করবে না আইসিসি। উল্টো, ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের আগেই একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের স্বাগতিক করবে বাংলাদেশকে।
আইসিসি জানিয়েছে, বাংলাদেশের অনুপস্থিতি ‘দুর্ভাগ্যজনক’, কিন্তু দেশের ক্রিকেট ঐতিহ্য এবং বৈশ্বিক ক্রিকেটের উন্নয়নে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা বিবেচনা করে তাদের কোনো শাস্তি আরোপ করা হবে না।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম জানান, ভারত-পাকিস্তান ম্যাচ খেলতে পাকিস্তানকে অনুরোধ করেছেন তিনি। এর আগে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তার কারণে বাংলাদেশ নিজেদের ম্যাচগুলো ভারতের বদলে শ্রীলঙ্কায় খেলতে চেয়েছিল। আইসিসি তাতে রাজি না হওয়ায় বাংলাদেশ টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পারেনি।
আইসিসি আরও জানিয়েছে, বাংলাদেশ ২০ কোটি সমর্থকসহ বিশ্বের অন্যতম প্রাণবন্ত ক্রিকেট বাজারে অবস্থান করছে। বিশ্বকাপ না খেলায় কোনো আর্থিক বা প্রশাসনিক শাস্তি আরোপ করা হবে না। বিসিবি চাইলে বিরোধ নিষ্পত্তি কমিটির (ডিআরসি) কাছে যাওয়ার অধিকারও অক্ষুণ্ন থাকবে।
এর পাশাপাশি, আইসিসির সঙ্গে সমঝোতার অংশ হিসেবে সিদ্ধান্ত হয়েছে, ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের আগেই বাংলাদেশ একটি আন্তর্জাতিক আইসিসি ইভেন্ট আয়োজন করবে।
আইসিসির প্রধান নির্বাহী সনযোগ গুপ্তা বলেন, “টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি দুঃখজনক, তবে এটি দেশটির ক্রিকেটকে গুরুত্বপূর্ণ প্রভাবিত করবে না। আমরা বিসিবিসহ সকল অংশীদারের সঙ্গে কাজ করে খেলোয়াড় ও সমর্থকদের জন্য ভবিষ্যৎ সুযোগ আরও শক্তিশালী করতে মনোযোগী।”





































