নব্বইয়ের দশকের শুরুতে বলিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের একজন ছিলেন দিব্যা ভারতী। স্বল্প সময়ের ক্যারিয়ার হলেও তাঁর জনপ্রিয়তা আজও অমলিন। সম্প্রতি এক সাক্ষাৎকারে দিব্যার ঘনিষ্ঠ বন্ধু ও শিশু অভিনেতা মাস্টার রাজু তাঁর ব্যক্তিগত জীবনের অজানা দিক তুলে ধরেছেন।
সিদ্ধার্থ কান্নানের সঙ্গে আলাপচারিতায় মাস্টার রাজু বলেন, “দিব্যা ভারতী ও পূজা ভাট—এই দু’জন অভিনেত্রীর সঙ্গেই আমি সত্যিই খুব কাছের ছিলাম। তাঁরা দয়ালু ছিলেন, একদম ফিল্মি নন। দিব্যার সঙ্গে আমি অনেক সময় কাটিয়েছি। আমরা একসঙ্গে ডিস্কো, বারে যেতাম, ঘণ্টার পর ঘণ্টা গল্প করতাম। সালমান খানের মতো দিব্যাও আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।”
তাঁর মতে, পেশাগত সাফল্য দিব্যার ব্যক্তিগত কষ্ট খুব একটা কমাতে পারেনি। রাজু বলেন, “দিব্যা আমাকে অনেক কথা বলত। সে একাকী ও দুঃখী ছিল। তবে আজ নাম ধরে কিছু বলার বা বিতর্ক তৈরি করার মানে নেই। নিজের ক্যারিয়ার নিয়ে সে খুশি ছিল, কিন্তু ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নয়। এখানে প্রেমিকদের কথা নয়—অন্য কিছু সম্পর্কের কথা বলছি।”
মাস্টার রাজুর ভাষ্যে, দিব্যা মনে করতেন, তাঁকে ব্যবহার করা হচ্ছে। “সে অনুভব করত, উপার্জন করার কারণে অনেকে তার টাকার অপব্যবহার করছে। এই বিষয়টি তাকে খুব অসন্তুষ্ট করত,” বলেন তিনি।
তবে রাজু জানান, চলচ্চিত্র নির্মাতা সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে বিয়ের পর দিব্যা মানসিকভাবে অনেকটাই স্থিতিশীল ছিলেন। তাঁর কথায়, “নিজের জীবনের মানুষটি নিয়ে সে খুব ইতিবাচক ছিল। ভবিষ্যৎ নিয়ে আশাবাদী ছিল, সন্তুষ্ট ছিল। জীবনের ওই অধ্যায়টি তার জন্য ভালোই চলছিল।”
দিব্যার আকস্মিক মৃত্যু সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছিল বলেও স্মরণ করেন মাস্টার রাজু। তিনি বলেন, “ওর মৃত্যু আমাকে ভেঙে দিয়েছিল। আমিই প্রথম সেখানে পৌঁছাই এবং শেষ পর্যন্ত থাকি। এটা খুবই দুঃখজনক ছিল। এমনটা হওয়ার কথা ছিল না।”
উল্লেখ্য, ১৯৯৩ সালের ৫ এপ্রিল মুম্বাইয়ে নিজের পঞ্চম তলার অ্যাপার্টমেন্টের জানালা থেকে পড়ে মারা যান দিব্যা ভারতী। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরে ঘটনাটিকে আনুষ্ঠানিকভাবে দুর্ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়।
তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া






































