ঢাকা-১৭ জামায়াত প্রার্থীর ক্যান্ট চেকপোস্টে সেনাদের সঙ্গে তর্কাতর্কি, ভিডিও ভাইরাল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৪:৫৩ পিএম
ঢাকা-১৭ জামায়াত প্রার্থীর ক্যান্ট চেকপোস্টে সেনাদের সঙ্গে তর্কাতর্কি, ভিডিও ভাইরাল

আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনের জামায়াতে ইসলামী প্রার্থী এস এম খালিদুজ্জামান গানম্যানসহ ক্যান্টনমেন্ট চেকপোস্ট দিয়ে পার হতে গিয়ে সেনা সদস্যদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। ক্যান্টনমেন্টে অস্ত্র বা গানম্যান নিয়ে প্রবেশ নিষিদ্ধ বলে আটকালে তিনি উত্তেজিত হয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তুলনা করে অভিযোগ তোলেন। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

ঘটনার সূচনা ও প্রথম তর্ক
খালিদুজ্জামান যখন ক্যান্টনমেন্টে প্রবেশ করতে যান, সেনা সদস্যরা পরিচয় জানতে চায়। তার সঙ্গী বলেন, "ভাই উনি এই আসনের এমপি ক্যান্ডিডেট।" সেনা সদস্য জিজ্ঞাসা করেন, "কোন দলের স্যার?" উত্তরে বলা হয়, "জামায়াতে ইসলামীর।" সেনা কর্মকর্তা বলেন, "বুঝতে পেরেছি স্যার। ক্যান্টনমেন্টের নিরাপত্তার স্বার্থে গান নিয়ে প্রবেশ যাবে না।"

খালিদুজ্জামান তখন প্রতিক্রিয়া দেখান, "আপনারা তো গান নিয়ে বসে আছেন। তারেক জিয়ার ক্ষেত্রে তো আপনারা জিহ্বা দিয়ে রাস্তা চেটে ফেলতেছেন। আমরা কেন যেতে পারব না?" সেনা সদস্য শান্তভাবে বলেন, "স্যার এটা আমাকে বললে হবে না।"

উত্তেজনা ও অভিযোগের ঝড়
প্রার্থী আরও বলেন, "আপনারা পরিকল্পিতভাবে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। দিজ ইজ টোটালি, কিছু অফিসারের জন্য সেনাবাহিনী বিতর্কিত হচ্ছে। প্রয়োজনে আমি সেনাপ্রধানের সঙ্গে কথা বলব।" তিনি আরও বলেন, "দিস ইজ নট ফেয়ার। টোটালি সেনাবাহিনী সম্পদকে ব্যক্তি স্বার্থে বিতর্কিত করছেন।"

সেনা সদস্য ঊর্ধ্বতনকে ফোনে জানান, "একজন জামায়াত প্রার্থী প্রবেশ করতে চান, গানম্যান আছেন।" খালিদুজ্জামান বলেন, "ব্যক্তিস্বার্থে সরকার ও প্রশাসনকে বিতর্কিত করছেন। একটা ডিজঅ্যাপয়েন্টিং সিচুয়েশন। আপনাদের জন্য দেশটা উচ্ছৃঙ্খল হবে।"

ফোনে ঊর্ধ্বতনের সঙ্গে কথা ও অভিযোগ পুনরাবৃত্তি
ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে ফোনে কথা বলতে পেয়ে খালিদুজ্জামান বলেন, "আমি ঢাকা-১৭-এর প্রার্থী। আপনারা তারেক জিয়ার জন্য রাস্তা পরিষ্কার করছেন, আমাকে কেন দেবেন না? কিছু অফিসার ব্যক্তিস্বার্থে দেশ ধ্বংস করছে। নির্বাচন কমিশন গানম্যান দিয়েছে, আপনি কেন আটকাবেন?" তিনি সেনাপ্রধানের কাছে অভিযোগ করার হুমকি দেন।

সঙ্গীদের বলেন, "ভিডিও করো।" সেনা সদস্য বলেন, "সরি স্যার, এখানে ভিডিও যাবে না।" খালিদুজ্জামান বলেন, "আপনারা কেন দেশ ধ্বংস করছেন? অনেক রক্ত দিয়েছে মানুষ। সেনাপ্রধান দেশ রক্ষা করেছেন।"

সেনাদের যুক্তি ও শেষ তর্ক
সেনা সদস্য বারবার বলেন, "আমরা আপনাকে যেতে নিষেধ করিনি, কিন্তু ক্যান্টনমেন্টে গান নিয়ে ঢোকা নিষিদ্ধ। ক্যান্টনমেন্টে আপনি সেইফ, আমরাই নিরাপত্তা দেব। পার হয়ে গেলে গানম্যান রাখুন।" খালিজযামান বলেন, "পার হয়ে যাওয়ার পর আপনার দল পিটাবে। তারেক জিয়ার সঙ্গে হাজার অস্ত্র নিয়ে যান।"

সেনা সদস্য বলেন, "এর জবাব দিতে পারছি না। কমপ্লেইন থাকলে সেনাপ্রধান বা নির্বাচন কমিশনের কাছে বলুন। যেতে গেলে সহযোগিতা করুন।" খালিদুজ্জামান শেষবার বলেন, "আপনারা এজেন্ট হিসেবে কেওয়াজ সৃষ্টি করছেন।"

Link copied!