বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় গভীর ষড়যন্ত্রের অভিযোগ করেছে দলটি। জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের দাবি করেছেন, পরিকল্পিতভাবেই এই হ্যাকিংয়ের ঘটনা ঘটানো হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে হ্যাক করা হয়েছে। কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখতে দলের তথ্যপ্রযুক্তি টিম কাজ করছে। তিনি দাবি করেন, কয়েক দিন ধরেই এ ঘটনার প্রস্তুতি চলছিল।
তিনি আরও বলেন, অ্যাকাউন্ট হ্যাক করে কিছু আপত্তিকর ও অনাকাঙ্ক্ষিত পোস্ট দেওয়া হয়েছে, যা জামায়াতের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা। তাঁর ভাষায়, “এখানে গভীর ষড়যন্ত্র রয়েছে। কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াতকে জনগণের সামনে প্রশ্নবিদ্ধ করতে চাইছে।”
যদিও এ ঘটনায় কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর নাম উল্লেখ করেননি তিনি, তবে জামায়াতের আশঙ্কা—বিশেষ একটি দলের সাইবার টিম বা সংশ্লিষ্ট চক্রান্তকারীরা এতে জড়িত থাকতে পারে।
জুবায়ের জানান, হ্যাকিংয়ের ঘটনায় শনিবার রাতেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আইনগতসহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই ঘটনার মাধ্যমে নারীদের সম্মান নিয়ে জামায়াতের অবস্থানকে বিকৃতভাবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। অথচ দলের আমির নির্বাচনী জনসভাগুলোতে বারবার নারীদের মর্যাদা ও সম্মানের বিষয়টি স্পষ্ট করে বলে আসছেন।
এ বিষয়ে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হবে বলেও জানান জামায়াতের এই নেতা।
সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব আবদুল হালিমসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।


































