২০২৬ সালের আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে পাকিস্তান ক্রিকেট দল। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
পাকিস্তান সরকারের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, “আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এ অংশগ্রহণের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে সরকার অনুমোদন দিয়েছে।” একই সঙ্গে বিবৃতিতে উল্লেখ করা হয়, “তবে ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান দল অংশ নেবে না।”
পাকিস্তান সরকারের ওই বিবৃতি উদ্ধৃত করে ডন, জিও নিউজসহ দেশটির একাধিক সংবাদমাধ্যম এই খবর প্রকাশ করেছে।
এর আগে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে পাকিস্তান পুরো টুর্নামেন্ট বয়কট করতে পারে—এমন গুঞ্জন কয়েক দিন ধরে পাকিস্তানের গণমাধ্যমে আলোচিত হচ্ছিল। এ বিষয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি বলেছিলেন, টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। তিনি আরও জানিয়েছিলেন, বাংলাদেশকে খেলতে না দেওয়া হলে পাকিস্তান বিশ্বকাপ বর্জনের বিষয়টি সরকার পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
গত ৩০ জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠকের পর মহসিন নাকভি জানান, প্রধানমন্ত্রীকে আইসিসি–সংক্রান্ত বিষয়গুলো অবহিত করা হয়েছে এবং সব বিকল্প খোলা রেখে সমস্যার সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলেও তখন জানিয়েছিলেন পিসিবি চেয়ারম্যান।


































