ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সহায়তার জন্য বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সদস্যদের যুক্ত না করার দাবি জানিয়েছে বিএনপি। দলটির মতে, এ কাজে শিক্ষার্থী ক্যাডেটদের সম্পৃক্ত করা হলে তারা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বিতর্কে জড়িয়ে পড়তে পারে।
রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে এসব পর্যবেক্ষণ ও দাবি তুলে ধরে বিএনপির একটি প্রতিনিধি দল।
আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রায় ১৬ হাজার বিএনসিসি সদস্যকে ভোটের কাজে সহায়তায় যুক্ত করার সিদ্ধান্তের কথা নির্বাচন কমিশনের সচিব জানিয়েছেন এবং এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠিও দেওয়া হয়েছে।
নির্বাচন ভবনে বৈঠক শেষে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, বিএনসিসির ক্যাডেটরা শিক্ষার্থী। সংসদ নির্বাচনের মতো জটিল ও রাজনৈতিক প্রক্রিয়ায় প্রথমবারের মতো তাদের যুক্ত করার সিদ্ধান্ত সঠিক হবে না। এ সিদ্ধান্ত এখনও চূড়ান্ত না হলেও বিষয়টি নিয়ে বিএনপির আপত্তির কথা নির্বাচন কমিশনকে জানানো হয়েছে।
তিনি বলেন, “ইয়াং ও ছাত্রদের এ ধরনের রাজনৈতিক প্রক্রিয়ায় সম্পৃক্ত করা ঠিক নয়। এতে ভবিষ্যতে স্কাউটস বা গার্লস গাইডদের যুক্ত করার দাবিও উঠতে পারে।”
বিএনপির মতে, আইন অনুযায়ী যাদের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব রয়েছে, কেবল তাদেরই নির্বাচনের কাজে যুক্ত করা উচিত। নজরুল ইসলাম খান জানান, নির্বাচন কমিশন তাদের বক্তব্যের যৌক্তিকতা স্বীকার করেছে এবং বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছে।
বৈঠকে কোনো কোনো দলের পক্ষ থেকে ‘শান্তিশৃঙ্খলা রক্ষার’ নামে শান্তি কমিটি গঠনের আলোচনা প্রসঙ্গও তোলে বিএনপি। এ বিষয়ে নজরুল ইসলাম খান বলেন, শান্তি কমিটি শব্দটি তাদের কাছে অপ্রিয়। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, এ ধরনের কোনো সিদ্ধান্ত তাদের জানা নেই।
ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে বহিরাগতদের নির্বাচনি এলাকা ত্যাগ করার বিষয়েও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বিএনপি। দলটির অভিযোগ, কিছু রাজনৈতিক দলের নেতাকর্মী নিজ নিজ এলাকা ছাড়িয়ে অন্য নির্বাচনি এলাকায় অবস্থান করে কর্মকাণ্ড চালাচ্ছেন, যা বিশৃঙ্খলার সুযোগ তৈরি করতে পারে। নির্বাচন কমিশন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।
দেশীয় পর্যবেক্ষক নিয়েও আপত্তি তোলে বিএনপি। নজরুল ইসলাম খান বলেন, ৮১টি সংস্থার ৫৫ হাজারের বেশি পর্যবেক্ষক অনুমোদন দেওয়া হয়েছে, যার মধ্যে কিছু প্রতিষ্ঠান তেমন পরিচিত নয়। পর্যবেক্ষণের সক্ষমতা রয়েছে—এমন প্রতিষ্ঠানগুলোকেই দায়িত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
ভোটার স্থানান্তর প্রসঙ্গে বিএনপি অভিযোগ করে জানায়, গত এক থেকে দেড় বছরে ঢাকাসহ বিভিন্ন এলাকায় অস্বাভাবিক হারে ভোটার মাইগ্রেশন হয়েছে। যদিও নির্বাচন কমিশন বলেছে, কোনো আসনে দুই–তিন হাজারের বেশি হয়নি। এ ব্যাখ্যায় সন্তুষ্ট নয় বিএনপি।
নজরুল ইসলাম খান বলেন, একাধিক হোল্ডিংয়ে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ভোটার থাকার অভিযোগ রয়েছে। নির্বাচন কমিশন বিষয়টি তদন্ত করবে বলে জানিয়েছে।
এ ছাড়া আচরণবিধি লঙ্ঘনের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগও তোলে বিএনপি। এসব ঘটনায় বিচারিক অনুসন্ধান কমিটির ভূমিকা আরও দৃশ্যমান করার ওপর জোর দেন দলটির এই নেতা।


































